চরমপন্থীদের ‘খুনের বদলা খুন’ নীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ‘খুনের বদলা খুন’—এই নীতিতে তারা আবারও হত্যা, চাঁদাবাজি ও বোমাবাজি শুরু করেছে। মাঝে ছয় বছর চরমপন্থীদের কার্যক্রম সীমিত থাকলেও এখন তাদের সন্ত্রাসী কার্যকলাপ চলছে জোরেশোরে। গত এক মাসে জেলায় চরমপন্থীদের হাতে বিএনপির দুজন নেতা, আওয়ামী লীগের একজন কর্মীসহ পাঁচ ব্যক্তি খুন হয়েছেন। এসব হত্যার ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো প্রকৃত কোনো অপরাধীকে আটক করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিক চাপ ও তদবিরের কারণে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারছে না।পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বলেন, এলাকায় নতুন চরমপন্থী সন্ত্রাসী গজিয়েছে। এ জন্য পুলিশ সন্ত্রাসীদের নতুন তালিকা তৈরি করছে। তিনি বলেন, এলাকায় চরমপন্থীদের তৎপরতা বেড়েছে। কিন্তু পুলিশ জনগণের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায় না। চরমপন্থী সন্ত্রাসীদের দমনে পুলিশ নানামুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও এসপি জানান। এক মাসে পাঁচ হত্যা: গত ৩০ জুলাই গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাজার থেকে আবদুল বারী (৪০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে তুলে নিয়ে হত্যা করে চরমপন্থীরা। গত ২৯ জুলাই সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কের ওপর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফছুদ্দিন আলীকে (৪৮) কয়েক শ লোকের সামনে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি মহাজনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি পরানপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা বলেন, একই গ্রামের জিয়ারুল হক, এমাদুল ও রফিকুল ইসলাম নামের তিন ব্যক্তি পথরোধ করে তাঁকে হত্যা করে। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে হত্যা মামলা করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।১৪ জুলাই সন্ত্রাসীদের হাতে খুন হন গাংনীর মটমুড়া গ্রামের রাশেদুল ইসলাম (২০)। গত ১ জুলাই গাংনীর করমদী গ্রামের ব্যবসায়ী ছাদের আলীকে (৪১) হত্যা করে সন্ত্রাসীরা। গত ৬ জুলাই সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের পল্লি চিকিৎসক নজরুল ইসলামকে (৪৫) চরমপন্থীরা বাড়ি থেকে তুলে নিয়ে জবাই করে হত্যা করে। তিনি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়াও মুজিবনগর উপজেলা ও গাংনী উপজেলার কয়েকটি গ্রামে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এসব এলাকার অনেক মানুষ সন্ত্রাসীদের ভয়ে শহরে বসবাস করছেন। আবার অনেকে সন্ত্রাসীদের চাঁদা দিয়ে গ্রামে বাস করছেন।একের পর এক হত্যা ও চরমপন্থী সন্ত্রাসীদের উত্থান সম্পর্কে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, খুনিরা এসব হত্যায় ভাড়াটে চরমপন্থীদের ব্যবহার করছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সব হত্যার নেপথ্য কারণ বের হয়েছে। কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না। স্থানীয়দের মদদে বহিরাগত চরমপন্থীরা এলাকায় ঢুকে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তিনি বলেন, এখন পাটের মৌসুম হওয়ায় চরমপন্থীরা অপরাধ সংঘটনের পর পাট খেতের মধ্যে ঢুকে পড়ছে। তাই এই মৌসুমটি চরমপন্থী সন্ত্রাসীদের জন্য উপযুক্ত সময়।ওসি বলেন, অনেক চরমপন্থী আত্মসমর্পণ করে আনসারে যোগ দিয়েছিল। সেসব আনসারের বেশির ভাগই চাকরি ছেড়ে আবারও চরমপন্থী দলে যোগ দিয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, খরা বিপ্লব নামের এক চরমপন্থী নেতা এই এলাকায় নতুন করে সদস্য নিয়োগ শুরু করেছে। তিনি বলেন, আফছুদ্দিন আলী হত্যা মামলার তিন আসামিকে আফছুদ্দিন হত্যার কয়েক দিন আগে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে তারা আবারও হত্যাকাণ্ড শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, রাজনৈতিক সিগন্যাল বন্ধ হলে হত্যাকাণ্ডও বন্ধ হয়ে যাবে। গত ২৪ জুলাই গাংনী থানা পুলিশ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) খুলনা বিভাগীয় কমান্ডার একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি মাজহারুল ইসলাম ওরফে স্বপন বাবুকে (৩৩) গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের পর স্থানীয় প্রভাবশালী নেতারা তাঁকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। রাজনৈতিক চাপের কারণে পুলিশ চরমপন্থীদের অবস্থান ও অস্ত্রের সন্ধান নিতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি বললেন, রাজনৈতিক কারণে জনপ্রতিনিধিদের অনেকেই চরমপন্থীদের লালন করে। তাই রাজনৈতিকভাবে পুলিশকে প্রভাবমুক্ত না করা গেলে এ অঞ্চলের চরমপন্থী সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে না।