চরমপন্থীরা আবার সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে খুলনা মহানগর ও জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চরমপন্থী দলগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) অপরাধজগতে আধিপত্য বিস্তারে সবচেয়ে বেশি তত্পর। তারা মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করার চেষ্টা করছে।বিভিন্ন সূত্রে জানা যায়, চরমপন্থী দলগুলো তাদের তহবিল ভারী করতে ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবিতে হুমকি দিয়ে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ভয়ে চাঁদা পরিশোধও করেছেন। চাঁদা না দেওয়ায় ফুলতলার মাছ ব্যবসায়ী আজাদকে নিজ ঘরের মধ্যে বোমা মেরে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন স্বস্তিতে থাকা খুলনার মানুষ আবার চরমপন্থী-আতঙ্কে ভুগছে।খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, চরমপন্থীরা সক্রিয় হয়ে উঠেছে, এটা ঠিক। সাম্প্রতিক সময়ে বেশকিছু চরমপন্থী ক্যাডার জেল থেকে ছাড়া পেয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকা অনেক চরমপন্থী নেতা গোপনে এলাকায় আসছে, আবার আত্মগোপনে চলেও যাচ্ছে। তিনি বলেন, নগরের কয়েকটি ঘটনায় চরমপন্থী দল জনযুদ্ধের সদস্যদের অংশগ্রহণের প্রমাণও মিলছে। তবে ওই সব চরমপন্থী দল ২০০৩ বা ২০০৪ সালে যে রকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল, এখন তার পুনরাবৃত্তি করা তাদের পক্ষে আর সম্ভব হবে না। কারণ মানুষ এখন অনেক সচেতন এবং আইনশৃঙ্খলা বাহিনীও অনেক সক্রিয়।পুলিশের একাধিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খুন বা ভয়ভীতি ছড়াতে বেশির ভাগ ক্ষেত্রে বোমার ব্যবহারটা মূলত চরমপন্থী কয়েকটি দলের সক্রিয় সদস্যরাই করে আসছে। বিগত চারদলীয় জোট সরকারের শেষ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে অসংখ্য চরমপন্থী নেতা ও সদস্য বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে মারা যায়। ফলে এক সময়ের বোমার নগরখ্যাত খুলনা কিছুটা শান্ত হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় একেবারেই বোমা হামলা বন্ধ হয়ে যায়। শান্তি বিরাজ করে পাশের জেলাগুলোতেও। গোয়েন্দা কর্মকর্তারা জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত মনোভাবের কারণে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ), পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল), বিপ্লবী কমিউনিষ্ট পার্টিসহ গোপন চরমপন্থী দলগুলোর কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। এখন তারা আবার সক্রিয় হয়েছে। তারা গোপনে ইতিমধ্যে খুলনার তেরখাদা, রূপসা, দীঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া; নড়াইল জেলার কালিয়া; যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগরে দল গোছাতে শুরু করেছে। তারা এখন চাইছে ২০০৩ ও ২০০৪ সালের মতো খুলনা অঞ্চলের মানুষের মনে বোমা-আতঙ্ক ছড়িয়ে দিতে, বড় ধরনের অঘটন ঘটিয়ে তাদের সক্রিয়তা জানান দিতে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ের বোমা হামলা ও হতাহতের ঘটনা ঘটছে।খুলনায় কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ফুলতলার আলকা গ্রামের নিজ বসতঘরে বোমা হামলায় খুন হন জেলা মত্স্যচাষি সমিতির সহসভাপতি জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ব্যবসায়ী আজাদ গাজী। এই খুনের তদন্তে গিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে মূলত তিন লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) আজাদকে খুন করে। আজাদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আজাদ হত্যার ঘটনায় আকতার জামিল বনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাঁ পায়ের হাঁটুর নিচে বোমার স্প্লিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে। সে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, তিন লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে জনযুদ্ধের নেতা পিটপিটে সুমনের নেতৃত্বে ব্যবসায়ী আজাদকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া ছয় সদস্য নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা বহন করে আনে।জানা যায়, গত শনিবার ফুলতলা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর ওপর হামলাকারীরাও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। এ ঘটনায় একটি বিদেশে তৈরি বন্দুকসহ আটক মো. আলম শেখের বাড়ি নড়াইল জেলার গোবরা গ্রামে। তারা নড়াইল থেকে এসে পূর্বপরিকল্পিতভাবে এই বোমা হামলা করে। আলমকে জিজ্ঞাসাবদকারী খুলনা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন খান প্রথম আলোকে বলেন, আলম শেখ নিজেকে জনযুদ্ধের সক্রিয় সদস্য বলে দাবি করেছে। সে ভাড়ায় মিঠুকে খুন করতে বোমা হামলা চালিয়েছিল বলে স্বীকার করেছে।এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিদাশকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ চন্দ্র সাহা খুন হন। তাঁকে দুর্বৃত্তরা গুলি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, প্রকাশ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের দু-তিনজন পেশাদার খুনি। তারা বিগত দিনে চরমপন্থী দলের হয়ে কাজ করেছে বলে ওই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকেমি প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থী দল বা সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এটা ঠিক, হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে দুজন চিহ্নিত খুনি ছিল বলে তথ্য পাওয়া গেছে।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা চেয়ে না পাওয়ার কারণেই সাম্প্রতিক সময়ে খুলনায় বোমা হামলার ঘটনা ঘটছে। এলাকাভিত্তিক কয়েকজন সন্ত্রাসী-গডফাদার পরিকল্পিতভাবে এসব হামলা করাচ্ছে। এসব হামলা চরমপন্থী দলের সংগঠিত বা শীর্ষ কমান্ড থেকে নির্দেশিত কোনো হামলা নয়। তবে এ পর্যন্ত সংঘটিত বোমা হামলায় যারা অংশ নিয়েছে, তাদের বেশির ভাগই বিগত দিনে চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিল।