চরমোনাই পীর সমর্থকদের আধঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীরের সমর্থকেরা বিক্ষোভ মিছিল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল রোববার নারীনীতি বাতিলের দাবিতে ঢাকার মুক্তাঙ্গনে চরমোনাই পীর সমর্থকদের মিছিলে পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ তারা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারীনীতি বাতিলের দাবিতে গতকাল ঢাকার মুক্তাঙ্গনে চরমোনাই পীর সমর্থকদের ওপর পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার সমর্থক কাচপুর ব্রিজের পূর্ব পাশে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নেয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি। খবর পেয়ে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের সঙ্গে চরমোনাই পীর সমর্থকদের কথাকাটাকাটি হয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে বেলা ১১টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।