চরাঞ্চলের দুই লক্ষাধিক শিশু শিক্ষা থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের গণেশপুর চরে সহস্রাধিক বিদ্যালয়গামী শিশু রয়েছে কিন্তু কোনো বিদ্যালয় গড়ে ওঠেনি। গ্রামের ১০ বছরের শিশু হাসান আলী বলে, ‘নদী পারাইয়্যা তরার (তীরের) স্কুলোত যাইতাম ক্যামনে, আমগো তো স্কুল নাই, স্কুল আইলে পড়ুম।’সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের রামদেরপুর, বারাইপুর ও খরকী চরে কমপক্ষে তিন হাজার স্কুলগামী শিশু থাকলেও কোনো স্কুল না থাকায় তারা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। ভেদুরিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর চটকীমারায় একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু বিদ্যালয় গিয়ে মাত্র একজন শিক্ষককে পাওয়া যায়। তিনি সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ক্লাস করেন। চটকীমারা এলাকার মো. মোস্তফা ফরাজী জানান, অধিকাংশ শিক্ষকের বাড়ি ভেদুরিয়া ও ভোলা শহরে। সেখান থেকে নদী পার হয়ে শিক্ষকেরা চরে আসতে চান না। তাই প্রায়ই বিদ্যালয় বন্ধ থাকে।একই সমস্যা দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন হাজীপুর ইউনিয়নে। এখানে একটি সরকারি ও বেসরকারি (রেজি.) প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষকেরা কোনো দিন যান, কোনো দিন যান না। ফলে অধিকাংশ দিন বিদ্যালয় বন্ধ থাকে। একই উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে সরকারি খাতায় কোনো স্কুল গড়ে ওঠেনি। স্থানীয়রা ওই ইউনিয়নে নিজস্ব উদ্যোগে দুটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুললেও সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় ঢিমেতালে চলছে। ছাত্ররা উপবৃত্তি পাচ্ছে না। ইউনিয়নের চরপদ্মা মকবুল আহাম্মেদ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুত্ফুর রহমান পাটওয়ারী বলেন, ‘রেজিস্ট্রেশনের জন্য স্কুলটিকে ইতিমধ্যে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারপরও কর্মকর্তারা রেজিস্ট্রেশন করতে বিলম্ব করছে।’তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন মলং চড়া ও সোনাপুর ইউনিয়নে পাঁচটি সরকারি ও তিনটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্কুলগুলো হলো মোহাম্মদ বেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিদারুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ৪ ও ৫ মার্চ সরেজমিনে স্কুল সময় স্কুলগুলো বন্ধ দেখা যায়। মোহাম্মদ বেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল ছাত্র স্কুলে বই নিয়ে এসে দেখে স্কুল বন্ধ। পরে কিছু সময় খেলাধুলা করে বাড়িতে চলে যায়।জেলার প্রায় ৩৪টি চরে জনবসতি রয়েছে। সদর উপজেলার রামদাসপুর, গণেশপুর, চর সীতারাম, চর পাঙ্গাশিয়া, চর চটকীমারা, চর শ্যামপুর, চর হোসেন ও গাজীর চর; দৌলতখান উপজেলার মদনপুর, চর টগবী, মেদুয়া, চর নেয়ামতপুর, ভবানীপুর ও হাজীপুর; বোরহানউদ্দিন উপজেলার চর পাতিলা, চর রেজভী ও চর সামসুদ্দিন; তজুমদ্দিন উপজেলার সিডার চর, চর নাসরিন, চর মোজাম্মেল, চর তাজাম্মুল ও চর লক্ষ্মী; লালমোহন উপজেলার চর কচুয়া; চরফ্যাশন উপজেলার চর হাসিনা, চর আলম, চর আশ্রাফ ও চর শিকদার এবং মনপুরা উপজেলার কলাতলীর চর ও ঢাল চরে কোনো স্কুল নেই। যেখানে দুই লক্ষাধিক শিশু স্কুলের অভাবে লেখাপড়া করতে পারছে না। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তারা এসব চরে ৮২টি প্রাথমিক বিদ্যালয় দরকার বলে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।