চরাঞ্চলের শিশুদের টিকা খাওয়াতে নৌকার ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ১৮তম জাতীয় টিকা দিবস সফল হয়েছে। রাজধানী ঢাকার বাইরে অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তিনি আজ রোববার ঢাকার ধামরাইয়ে জাতীয় টিকা কর্মসূচি পরিদর্শনকালে এ কথা বলেন।চরাঞ্চল ও দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের কীভাবে এ কর্মসূচির আওতায় টিকা খাওয়ানো হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, চরাঞ্চলের শিশুদের টিকা খাওয়ানোর জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে টিকা পাঠানোর কথা রয়েছে। তিনি বলেন, পাঁচ বছরের কম বয়সী একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ যাবে না।গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। একই সঙ্গে এক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এ বয়সী শিশু আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়ে থাকলেও তাকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। জাতীয় টিকা দিবসের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য ছয় লাখ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছেন। সারা দেশে এক লাখ ৩৬ হাজার ৬৮৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের পোলিও টিকা, ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হচ্ছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া প্রায় ১৫ হাজার ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র এ কাজে নিয়োজিত আছে। টিকাদান কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সন্ধ্যায় ও রাতে বিশেষ টিকাদানকারী দল কাজ করবে। আজকের পর ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টিকাদান কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার কাজ করবেন।