চরাঞ্চলের শিশুরা যে কারণে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর গড়িয়ে গেছে, তাই হন্তদন্ত হয়ে একঝাঁক শিশু নেমে পড়েছে নদীতে। বোঝা গেল ওদের হাতে একদণ্ড সময় নেই। কারণ বিষখালী নদীতে তখন জোয়ার এসে গেছে। জোয়ারের এই নোনা জলে ভেসে আসবে অগণিত বাগদা চিংড়ির রেণু। এতক্ষণ জোয়ারের অপেক্ষায় নদীর পাড়ে বাঁধের ওপর এই শিশুরা ডাঙ্গুলি আর মার্বেল খেলছিল। এই পোনা ধরেই ওরা বিক্রি করে দুমুঠো খাবারের সংস্থান করবে। একমুঠো খাবারের জন্য হয়তো নদীর ঢালে ছোট্ট খুপরি ঘরে অপেক্ষার প্রহর গুনছে ওদের পরিবার। ১১ জানুয়ারি দুপুরে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। বঙ্গোপসাগর থেকে উঠে আসা নদী বিষখালীর তীরের এই স্থানে থাকে প্রায় আড়াই হাজার পরিবার। যাদের প্রধান পেশা নদী ও সাগরে মাছ শিকার। এই বয়সে এসব শিশুর বইখাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা। কিন্তু কঠিন দারিদ্র্যের নিগড়ে বাঁধা এই শিশুদের হাতে শোভা পায় নীল রঙের মশারির কাপড়ে তৈরি চিংড়ি পোনা ধরার জাল। এতটুকু বয়সেই ওদের কাঁধে চেপেছে সংসারের বোঝা।শফিকের (১২) চোখে খুশির ঝিলিক। তার সহযোগী আরেক শিশু রফিককে (১৩) নিয়ে মাথা নুইয়ে নিবিড় দৃষ্টি আর গভীর মনোযোগে সুতার চেয়েও চিকন একেকটি বাগদা রেণু ঝিনুকের খোলে তুলে আনছে আর গুনছে। কী করো, মাথাটা ঘুরিয়ে ওপরের দিকে চেয়ে শফিক বলল, ‘মাছ গুনি। আইজ ভালোই পাইছি, গাঙে নুন পানি বাড়ছে, চিংড়ির পোনারাও হেইতে কল কল কইর্যা গাঙে আইতে আছে।’ তোমরা স্কুলে যাও না? জবাবে বলে, ‘মোগো আবার স্কুল, প্যাডে খাওন না থাকলে স্কুলে যাওন যায়, কন।’ ইউনিয়ন পরিষদের হিসাবে গোড়াপদ্মা গ্রামে বাস করে প্রায় আড়াই হাজার মানুষ। এর মধ্যে প্রায় ৫৮০ জন রয়েছে বিদ্যালয় গমনোপযোগী শিশু। খোঁজ নিয়ে জানা গেল, এসব শিশুর বেশির ভাগই স্কুলে যায় না। তারা পোনা মাছ শিকার, জেলে নৌকার শ্রমিক অথবা অন্য কাজ করে। এলাকার বাসিন্দা আমজাদ আলী বলেন, ‘স্কুলে পাডামু না প্যাডের খাওন জোগামু। ধারে কাছে তো কোনো স্কুলও নাই যে যাইবে। আর পড়াইয়া কী অইবে, গরিবের গুড়াগাড়া আর কত দূর মানুষ অইবে!’পায়রা নদীর তীরের আরেক গ্রাম চালিতাতলীর শিশুরাও জীবিকার তাগিদে নোনা পানিতে পোনা মাছ ধরে। সবুজের মা কহিনূর নদীর তীরে অপেক্ষা করছে ছেলে জাল তুলে কিনারে ফিরবে সে জন্য। কহিনূরের সম্বল বলতে এই ছেলেটা। স্বামী ঢাকায় গিয়ে আরেকটা বিয়ে করেছেন। পায়রা নদীর বাঁধের বাইরে খুপরি তুলে মাথা গোঁজার ঠাঁই হয়েছে মা-ছেলের। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড় আইলার আঘাতে সে আশ্রয়টুকুও গেছে। বালিয়াতলী ইউনিয়নের পায়রা তীরের ফালিসাতলী, পালের বালিয়াতলী এলাকায় ছেঁড়া পলিথিন, ভাঙাচোরা কাঠ, বাঁশের ভগ্নাংশ দিয়ে খুপরি তুলে বসবাসকারী এমন অসংখ্য পরিবার চোখে পড়ে। স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ‘এসব এলাকায় কমপক্ষে তিন হাজার পরিবার বাস করে। এসব পরিবারে কমপক্ষে দেড় হাজার স্কুল গমনোপযোগী শিশু রয়েছে। পারিবারিক দৈন্যের কারণে তারা স্কুলে যেতে পারে না। অধিকাংশই নদীতে পোনা মাছ ধরে সংসার চালায়।’জেলার প্রায় ৩০টি চর ও নদীর তীরবর্তী এলাকায় প্রায় দুই লাখ পরিবার বাস করে। এসব পরিবারে প্রায় ৫০ হাজার শিশু রয়েছে, যারা পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিন দেখা যায়, এসব এলাকার অনেক স্থানে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এলাকার যোগাযোগ ব্যবস্থাও খুব দুর্গম। এসব শিশুর পারিবারিক পর্যায়ে সচেতনতার অভাবও প্রকট। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে এসব এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর সচেতনতা নেই বললেই চলে।বরগুনার স্থানীয় বেসরকারি সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশন ২০০৬ সালে চর ও নদী তীরের শিশুদের ওপর এক সমীক্ষা চালায়। জেলার তিনটি উপজেলার ১৭টি চর ও নদী তীরবর্তী এলাকায় প্রায় নয় মাস ধরে এই সমীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সমীক্ষায় দেখা যায়, সেখানে এসব এলাকার ৯৫৫ জন শিশুর সাক্ষাত্কার নেওয়া হয়েছে, যাদের বয়স চার থেকে ১৪ বছর। এসব শিশুর মধ্যে স্কুলে যায় মাত্র ৩১০ জন, পোনা মাছ ধরে জীবিকানির্বাহ করে ৫৯০ জন ও ১৫৫ জন রয়েছে ভবঘুরে শিশু। বিদ্যালয়ে না যাওয়ার কারণ হিসেবে তাদের ৬০৯ জন বলেছে, পারিবারিক অসচ্ছলতার কথা, ১৪৬ জন বলেছে বিদ্যালয় না থাকা ও দূরে থাকার কথা এবং ১৯৬ জন শিশু বলেছে বাবা-মায়ের অনাগ্রহের কথা। সমীক্ষাভুক্ত এলাকায় বাস করে প্রায় ৩২ হাজার ৬২১ জন লোক। এর মধ্যে চার থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় আট হাজার ৫৮৫ জন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বিদ্যালয় গমনোপযোগী সংখ্যা ছয় থেকে ১০ বছরের শিশুর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে বর্তমানে বিদ্যালয়ে যায় এক লাখ ২৬ হাজার ২১ জন। তবে বেসরকারি সূত্র মতে, জেলায় বিদ্যালয় গমনোপযোগী শিশুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে দ্বিগুণেরও বেশি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের নানা সমস্যা আছে। এর মধ্যে দারিদ্র্য, পারিবারিক অসচেতনতা, যোগাযোগ সংকট, শিক্ষক স্বল্পতা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পরিষদ নিয়ে নানা ঝামেলা উল্লেখযোগ্য সমস্যা।’