এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক রূপকথা। লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। নাটকটিতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের তো আর খুব বেশি দেরি নেই। আপনার ব্যস্ততা কেমন?এখন কিন্তু যা কাজ করছি, তার সবই ঈদের জন্য। এবার আমি নিজে দুটি নাটক ও একটি টেলিছবি পরিচালনা করেছি। তিনটিতে অভিনয়ও করেছি, তবে অতিথি চরিত্রে—ছোট কিন্তু উল্লেখযোগ্য চরিত্র। নাটকগুলো হলো বিটিভির জন্য ছায়াবতী (সুমাইয়া শিমু), এটিএন বাংলার জন্য দেহরক্ষী (এটিএম শামসুজ্জামান, মিশু সাব্বির, সাঈদ বাবু, ভাবনা) আর টেলিছবি কী কথা তাহার সাথে (সুমাইয়া শিমু, আরেফিন শুভ, সানজীদা প্রীতি)। টেলিছবিটি লিখেছেন ইশরাত জাহান কাদের। এ ছাড়া এবার অনেক পরিচালকের নাটক ও টেলিছবিতে অভিনয় করেছি।তার মানে আপনার স্ত্রী এবার টেলিছবি লিখেছেন?হ্যাঁ, ও কিন্তু খুব ভালো লেখে। টেলিছবির জন্য কয়েকটা স্ক্রিপ্ট পেয়েছিলাম, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। শেষে স্ত্রীর সঙ্গে একটা গল্প নিয়ে আলোচনা করি। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র এক দিনেই ও একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। ‘রূপকথা’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন?অভিনয়জীবনের গোড়ার দিকে কিন্তু আমি নেতিবাচক চরিত্রেই বেশি কাজ করেছি। শুরুটা হয়েছিল হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই দিয়ে। তখন বিটিভির প্রযোজকেরা আমাকে ওই ধরনের চরিত্রের জন্যই বেশি ভাবতেন। ১৯৯৫ সালে বুলবুল আহমেদ একটা নাটক পরিচালনা করেন, শেষ পর্যন্ত তোমাকে চাই। ওটা ছিল বিপাশা হায়াতের সঙ্গে আমার প্রথম কাজ। তখন থেকেই রোমান্টিক গল্পের নায়ক হিসেবে আমার ইমেজ তৈরি হয়।‘রূপকথা’য় আপনার মেকআপ-গেটআপ একেবারেই অন্য রকম। নাটকের স্ক্রিপ্টটা পড়ার পরই আমি নিজের একটা গেটআপ কল্পনা করি—চুল ছোট, মুখে বসন্তের দাগ, চেহারায় রুক্ষতা। পরে সেভাবেই নিজেকে প্রস্তুত করি। চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে একেবারেই বদলে ফেলেছিলাম।