চরের অধিকাংশ কৃষক কৃষি সহায়তা কার্ড পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে ডিজেল ভর্তুকির জন্য প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের নগদ অর্থ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে শরীয়তপুরের চরাঞ্চলের বেশির ভাগ কৃষক এ কর্মসূচি থেকে বঞ্চিত হয়েছেন। যাঁদের সহায়তা দেওয়া হয়েছে, তাঁদেরও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও টাকা উত্তোলন করতে পদ্মা এবং মেঘনা নদী পাড়ি দিয়ে সদরে আসতে দুর্ভোগ পোহাতে হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিজেল সহায়তা হিসেবে ৬৯ হাজার কৃষকের মধ্যে পাঁচ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যাঁদের আড়াই একরের নিচে জমি তাঁদের ৮০০ টাকা এবং মাঝারি কৃষকদের যাঁদের সাড়ে সাত একরের নিচে জমি তাঁদের এক হাজার টাকা করে দেওয়া হবে। এ টাকা নেওয়ার জন্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি ইউনিয়নে ২০টি চর রয়েছে। চরগুলো পদ্মা ও মেঘনা নদী দিয়ে বেষ্টিত। এসব চরে বসবাসরত ৬০ শতাংশ কৃষক কৃষি সহায়তা কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। যে ৪০ শতাংশ কৃষক কার্ড পেয়েছেন তাঁদের নদী পার হয়ে ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলতে ও টাকা উত্তোলন করতে দুর্ভোগে পড়তে হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও টাকা উত্তোলন করার জন্য তাঁদের দুদিন কাজ নষ্ট করে শহরে আসতে হয়। যাতায়াত বাবদ তাঁদের দুই দিনে ৪০০ থেকে ৬০০ টাকা খরচ হচ্ছে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরজানপুর গ্রামের কৃষক আক্কাছ মিয়া (৪৫), আমজাদ (৪০) ও রতন বেপারী (৩২) জানান, মেঘনার চরে তাঁদের বসবাস। সেখানে তাঁরা বোরো আবাদ করেছেন। কিন্তু কেউই কৃষি সহায়তা কার্ড পাননি। ওই চরে কীভাবে তালিকা করা হয়েছে—তাও তাঁরা জানেন না। এখানে মাত্র ১০-১২ জন কৃষকের মধ্যে কৃষি সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।একই চরের বাসিন্দা কালা মিয়া দেওয়ান (৫০) বলেন, ‘আমি কৃষি সহায়তা কার্ড পেয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উপজেলা সদরে যেতে হয়েছে। তিন ঘণ্টায় মেঘনা নদী পার হয়ে উপজেলা সদরে আসতে হয়। আমার আড়াই শ টাকা খরচ হয়েছে। টাকা নেওয়ার সময় আরও আড়াই শ টাকা খরচ হবে। দুই দিনে কাজের মজুরি ৩০০ টাকা।’ ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা লোকমান (৪০) বলেন, ‘পদ্মা নদী পার হয়ে সদরে যেতে চার ঘণ্টা সময় লাগে, অনেক টাকা ব্যয় হবে। তাই এখনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলিনি।’কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মিয়া বলেন, ‘চরের অনেক কৃষক কৃষি সহায়তা কার্ড পাননি। যাঁরা পেয়েছেন তাঁদের সদরে এসে অ্যাকাউন্ট খোলা ও টাকা উত্তোলন অনেক ব্যয়বহুল এবং ঝামেলার। ব্যাংকের কর্মীরা চরে গিয়ে কৃষককে সহায়তা করলে ভালো হতো।’শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোপাল চন্দ্র রায় বলেন, ‘চরাঞ্চলে গিয়ে দরিদ্র কৃষকদের অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেছি। কৃষি সহায়তা কার্ডের তালিকা স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় উপসহকারী কৃষি কর্মকর্তারা করেছেন। চরাঞ্চলের কোনো কৃষক কৃষি সহায়তা তালিকা থেকে বাদ পড়ছে—এমন কোনো অভিযোগ আমি পাইনি।’