চরের মাটি কেটে নিচ্ছেন চান মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ধলেশ্বরী মৌজার শতাধিক একর খাসজমি উধাও। বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার বসানোর কাজ বন্ধনারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেশ্বরীর শত শত একর ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে চান মিয়া বাহিনী। এতে চরের শতাধিক একর সরকারি খাসজমি উধাও হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার বসানোর কাজ।চরের মাটি কাটায় চান মিয়ার দুটি ড্রেজার জব্দ করে ছয়জনকে গ্রেপ্তার ও জরিমানাও করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে তাঁরা আবার চরের মাটি কাটা শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ, চান মিয়া নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর উপজেলা) আসনে মহাজোটের সাংসদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম নাসিম ওসমানের ঘনিষ্ঠজন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতেও কেউ সাহস পান না।প্রশাসন ও এলাকাবাসীর ভাষ্যমতে, চর ধলেশ্বরী মৌজার চরের খাসজমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর ও আশপাশের গ্রামের কয়েক শ বাসিন্দা দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন। তাঁরা শুকনো মৌসুমে আলু ও বর্ষায় আমন চাষ করেন। ফলনও হয় ভালো। গত ১৪ এপ্রিল থেকে চর ধলেশ্বরী মৌজায় ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্রের মোহনায় বালুমহালের ইজারা নেন চাঁদনী ট্রেডার্স কোম্পানির স্বত্বাধিকারী চান মিয়া। কিন্তু তাঁরা ওই স্থানে বালু না তুলে ড্রেজার দিয়ে চরের বালুমাটি কাটছেন। বর্ষায় নদ-নদীর পানি বেড়ে চর ডুবে যাওয়ায় চরে ড্রেজার নিয়ে ঢুকতে তাঁদের আরও সুবিধা হয়েছে। মোহনপুর গ্রামের দেলোয়ার হোসেন ও ইদ্রিস মিয়া বলেন, চান মিয়া ও তাঁর লোকজন প্রকাশ্যে চরের মাটি কাটছেন। এ সময় তাঁর আপন ভাই ও ভাতিজাসহ তাঁদের লোকজন তিন-চারটি স্পিডবোটে সার্বক্ষণিক নজরদারি করেন। কোনো সমস্যা হলে সব স্পিডবোট একসঙ্গে দ্রুত চলে আসে। দেলোয়ার বলেন, চান মিয়া সাংসদ নাসিম ওসমানের কাছের লোক। এই ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। সম্প্র্রতি ট্রলারে করে চর ধলেশ্বরী মৌজায় মাটি কাটার স্থানে গিয়ে দেখা যায়, ছয়-সাতটি ড্রেজার দিয়ে চরের বালুমাটি কাটা হচ্ছে এবং তা তোলা হচ্ছিল বালুবাহী বলগেটে। সেখানে অপেক্ষায় ছিল অনেক নৌযান। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রলারের চালক বলেন, ‘মাটি কাটার সামনে যাওয়া যাইব না। ওইহানে চান মিয়ার লোকজন আছে। আপনাদের দেখতে পারলে সমস্যা আছে। আপনাগো নিয়া আইছি এই লেইগা আমারও সমস্যা হইব। হেগো স্পিডবোট আছে। ওইডা দিয়া সহজেই ধইরা ফালাইব।’কিছুদূর যাওয়ার পর ট্রলার চালক নদীর দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘এইহানে পর্যন্ত চর ছিল। এহন মাটি কাটার কারণে নদী হইয়া গেছে।’ চালক ট্রলারে থাকা একটি লম্বা বাঁশের লগি পানিতে রেখে বলেন, ‘আগে এইহানে চর থাকায় লগি দিয়া অল্পতেই ঠাঁই পাওয়া যেত। এখন এমন দুই-তিনটা লগি দিয়াও ঠাঁই মিলব না।’কে এই চান মিয়া: চান মিয়ার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি বন্দর উপজেলায় বাস করছেন। তাঁর সম্পর্কে এলাকাবাসীর অভিমত হচ্ছে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থেকেছেন। আগে বিএনপি করতেন। বর্তমানে তিনি নাসিম ওসমানের লোক।ছাত্রলীগের নেতা হত্যা মামলার আসামি: গত বছর চান মিয়া শীতলক্ষ্যা নদীতে মদনগঞ্জের বালুমহাল ইজারা নেন। এই নিয়ে মুন্সিগঞ্জের ইজারাদারদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। তখন নদীতে বালুমহালের ইজারার মাশুলের টাকা সংগ্রহ করা মেঘনা নদীতে সন্ত্রাসী বাহিনীর হামলায় মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সহসভাপতি মামুন (২২) নিহত হন। ওই মামলায় চান মিয়াকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মামুনের চাচা আনোয়ার হোসেন। সেই সময় হত্যা মামলা থেকে চান মিয়াকে রক্ষায় সাংসদ নাসিম ওসমান তৎপরতা চালান বলে নিহতের পরিবারের অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ চান মিয়াকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে বাকি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। বিদ্যুতের টাওয়ার স্থাপনে সমস্যা: মেঘনাঘাট থেকে আমিনবাজার পর্যন্ত ৫২ কিলোমিটার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন তৈরির প্রকল্প নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। ইতিমধ্যে সঞ্চালন লাইনের প্রায় ৮০টি টাওয়ার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু চর ধলেশ্বরী মৌজায় ড্রেজার দিয়ে চর কাটায় ২০ ও ২১ নম্বর টাওয়ারটি নির্মাণ করা যাচ্ছে না। এ ব্যাপারে বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আইনুল হক পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন। আইনুল হক বলেন, ‘অবিলম্বে এই মাটি কাটার কাজ বন্ধ না হলে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে।’প্রশাসন ও জনপ্রতিনিধিদের বক্তব্য: কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার আহমেদ প্রধান বলেন, ‘আমি ঘটনাস্থলে যাইয়া কইছি, চরের মাটি কাইটা আপনারা কি কোনো মাইনষের কাম করতাছেন? এর পরও চান মিয়ার লোকজন কোনো তোয়াক্কা করতাছে না। বিষয়টা আমি এমপি (নাসিম ওসমান) সাহেবকে জানাইছি।’বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে চান মিয়া বাহিনীকে চর থেকে ১০০-১৫০ গজ দূরে মাটি কাটতে বলেছে। এখন তারা যদি চরে এসে আবার মাটি কাটে, এ জন্য প্রশাসন তাদের ইজারা বাতিল করতে পারে।’বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, চরে এসে মাটি কাটার কারণে চান মিয়ার ছয়জন লোককে গ্রেপ্তার ও তিন লাখ টাকা জরিমানা এবং তাদের দুটি ড্রেজার জব্দ করা হয়েছিল। একই সঙ্গে তাঁদের ভবিষ্যতে চরের মাটি না কাটতে বলা হয়েছিল। এর পরও তারা চরের মাটি কেটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জের সহকারী পরিচালক মনিরা সুলতানা বলেন, এভাবে চর কাটা হলে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে। তীব্র নদীভাঙনেরও সৃষ্টি হতে পারে।যোগাযোগ করা হলে নাসিম ওসমান বলেন, ‘চান মিয়া আগে বিএনপি করত। আমি তাঁকে দেখতে পারি না। আমি এখনো তাঁকে বলি “তুমি বিএনপি থেকে সরে আসতে পারোনি।” চান মিয়া ও যারা বালু কাটে তারা আমার নাম প্রচার করে। এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র।’চান মিয়ার বক্তব্য: চান মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চর কাটতে যাব কেন। আমার ড্রেজার নদীর মধ্যেই আছে। আমাকে যেখানে বালু কাটার সীমানা দেওয়া হয়েছে, সেখানেই বালু কাটা হচ্ছে।’ চান মিয়া বলেন, ‘এমপি সাহেব (নাসিম ওসমান) আমাকে শেল্টার দিতে যাবেন কেন। আমি নাকি চরের মাটি কাটছি, এই অভিযোগ শুনে উল্টো তিনি আমাকে ধমক দিয়েছেন।’