চর্চা না করলে ভাষা হারিয়ে যায়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো ভাষা সংরক্ষিত হয় তার চর্চার মাধ্যমে। বাংলাভাষার সমৃদ্ধির মূলে আছে ধারাবাহিক চর্চা। চর্চা না করলে ভাষা হারিয়ে যায়। পৃথিবীর বহু ভাষাই চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে ভালোভাবে টিকিয়ে রেখেছে। আজ শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পাওয়া ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকা, তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। যাঁরা মরণোত্তর পুরস্কার পেয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়েছেন।পদক পাওয়া ব্যক্তিরা হলেন গোলাম মাওলা (ভাষাসংগ্রাম) মরণোত্তর, কবি মোহাম্মদ রফিক (সাহিত্য), সাঈদ আহমদ (নাটক) মরণোত্তর, হেলেনা খান (সাহিত্য), মুনতাসীর উদ্দিন খান মামুন (মুনতাসীর মামুন) (গবেষক), এ এস এইচ কে সাদেক (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, সংঘরাজ জ্যোতিপাল মহাথের (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, এ কে এম হানিফ (হানিফ সংকেত) (সামাজিক ব্যক্তিত্ব), পার্থ প্রতিম মজুমদার (মূকাভিনয়), নাসির উদ্দীন ইউসুফ (নাট্যকলা), এ কে এম আবদুর রউফ (চিত্রশিল্প) মরণোত্তর, ইমদাদ হোসেন (চিত্রশিল্প), আহমেদ ইমতিয়াজ বুলবুল (সুরকার), বেগম লায়লা হাসান (নৃত্য) ও মো. আলম (ফটো সাংবাদিক) মরণোত্তর।