চর্যাপদের কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটি কবি।প্রেমের কবিতা লিখে বন্ধুমহলে নাম করেছে। কেউ কেউ বলে, ইস্, কী মিষ্টি ওর হাত! অনুভব এমন ছুঁয়ে থাকে যে ছাড়াতেই পারি না। আমারও তাই মনে। মুহূর্তে মুখস্থ হয়ে যায়। যেন নাটোরের বনলতা সেন ওকে ভর করেছে। ছেলেটি হা-হা করে হাসে। হাসতে হাসতে শব্দ ও কণ্ঠস্বর বাতাসে উড়িয়ে দেয়। মঞ্জুরির আপত্তি ওর ছদ্মনামে। সুযোগ পেলেই বলে, কবিতা লিখে নাম করেছিস। ফাটাচ্ছিস। কিন্তু তাই বলে এমন একটি বাজে পেননেম নিতে হবে? ভুসুকুপাদ! এটা কোনো নাম হলো? এটাই শেকড়ের নাম। আমার আইডেনটিটি। মঞ্জুরি ঠোঁট বাঁকিয়ে বলে, ছাতু। যত্তসব বাখোয়াজি। বাবা-মায়ের দেওয়া নামটাই তো সুন্দর। ওহ, মঞ্জুরি, ওটা সবার নাম। আর আমি শুধু ভুসুকু তোর জন্য। তুই ছাড়া এই নামে কেউ আমাকে ডাকবে না। তোর পাঠকেরা তোকে কোন নামে ডাকবে? ভেবেছিস এমন করে বললে আমি খুব পটে যাব?নতুন করে আর পটাপটি কী? পটেই তো আছিস। ওই সুখেই থাক বনবেড়াল। কী বললি!বলেছি, বেশ করেছি। মঞ্জুরির হাসি দেখে ছেলেটির শরীর স্তব্ধ হয়ে যায়। ও ভেবে দেখে শরীরও কীভাবে কবিতার চরণ হতে পারে। ও বিড়বিড় করে বলে, তুই একটি কবিতা মঞ্জুরি। দারুণ প্রেমের কবিতা। এই কবিতা আমার কোনো দিন লেখা হবে না। মঞ্জুরি ওকে ভালোবাসে। দুজনের মধ্যে বড় ধরনের বিরোধ নেই। এখন পর্যন্ত, মানে বছর তিনেক ধরে, খুনসুটি করে ওরা ভালোই আছে। মঞ্জুরির সবচেয়ে ভালো লাগে যখন ভুসুকু বলে, আমি চর্যাপদের কবি। তার পরও ওকে রাগানোর জন্য বলে, এই একবিংশ শতাব্দীতে তুই চর্যাপদের কবি?এটাই তো শেষ কথা। এর বাইরে আর নতুন কথা শুনতে পাবি না। ফালতু। এটাই সত্যি। সত্যি রে মঞ্জুরি।রাতের শহর দেখতে দেখতে বুড়িয়ে গেলি। দিনের আলো তো দেখতে পাস না। দেখতে পাই না তা নয়, দেখি না। দুটোর মধ্যে পার্থক্য আছে না? ও হা-হা করে হাসে। মঞ্জুরি কান পেতে ওর হাসি শোনে। ওর মনে হয় ভুসুকু অষ্টম শতাব্দী থেকে হেঁটে আসছে। কোথাও ও দাঁড়ায়নি। ও একটুও ক্লান্ত হয়নি। ওর তৃষ্ণা পায়নি। ও এখন একবিংশ শতাব্দীর একজন মানুষ। ও যখন কবিতা লেখার জন্য একটি নাম পছন্দ করে তবে তো ওর নিজের ভাষার একজন কবির নামই পছন্দ করবে। ঠিকই তো করেছে। সে জন্য ওর ভালোবাসায় কোনো খাদ নেই। আর সে জন্যই ও সবচেয়ে যোগ্য পুরুষ, যে প্রেম বোঝে। প্রেমিকাকে বোঝে। স্বপ্নে-ভালোবাসায় মাখামাখি হয়ে বলে, চল, অষ্টম শতকে হেঁটে আসি।মঞ্জুরি প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে বলে, না, আমি পেছন দিকে হাঁটব কেন? আমি সামনের দিকে হাঁটব। আমি এই সময়ের মানুষ। আমরা দুজনে সব দিকে হাঁটব। পেছনে এবং সামনেও। দে, হাতটা দে, ধরি। মঞ্জুরি হাত বাড়িয়ে দিলে ও নিবিড় করে চেপে ধরে। চোখ বুজে বলে, আমরা এখন ভুসুকুর বাড়িতে এসেছি। দেখ, ওর বাড়ির জলপাই গাছটা সাদা ফুলে ভরে আছে। আমি ফুল নেব না। পাতা নেব। পাতা দিয়ে মুকুট বানাব। যেমন প্রাচীনকালে বিজয়ীদের জন্য পাতার মুকুট বানানো হতো, তেমন মুকুট। সেই মুকুট তোর মাথায় পরিয়ে দিয়ে বলব, ভালোবাসার সবচেয়ে গৌরবের জিনিসটি তোকে দিলাম মঞ্জুরি। আমি তোর হাত কখনো ছাড়ব না। আমার কবিতা ছুঁয়ে থাকবে তোর শরীর। ওহ্, ভুসুকু, ভুসুকু। এত প্রেম তুই কোথা থেকে এনেছিস? তোর বুকটা কি সমুদ্র? ভুসুকু, প্রেম ছাড়া নারীর জীবন অর্থহীন। সব পুরুষের এমন প্রেম নেই বলে নারীর জীবনে এত ভোগান্তি! ওদের দৃষ্টিতে প্রেম নেই, স্পর্শে প্রেম নেই। আহ্ মঞ্জুরি, তোর হাত ধরে হাঁটতে চাই হাজার বছর। যাবি? মঞ্জুরি মন্ত্রমুগ্ধের মতো বলে, যাব। তখন দুজনের মনে হয় ওরা পথে নেমেছে। পথ থেকে ঘরে যাবে। রাতের শহরের রাস্তা ছেলেটির খুব প্রিয়। ও কবিতার জন্য রাতের শূন্য রাস্তায় এসে দাঁড়ায়। দেখতে পায় ফুটপাতে মানুষের ঘুমিয়ে থাকা। ও বুঝতে পারে না যে একে কি দিনযাপন বলে? আসলে দিনযাপন কেমন? মাথার ওপর ছাদ না থাকা? পেটে খিদে নিয়ে কংক্রিটের রাস্তায় শরীরটা ছেড়ে দিয়ে মাথার ঠোকাঠুকি? রক্তাক্ত হয়ে যাওয়া কপাল? চিবুক? শিরদাঁড়া? পিঠ? আর কী? আর কী? ছেলেটি অস্থির হয়ে ওঠে। ওর দম আটকে আসে। ভাবে, ভুসুকুপাদের সময়ের কবিরা বলেছিলেন, ঘরে ভাত নাই, নিত্য অতিথি। ও দৌড়াতে থাকে। কোথায় পালাবে? একসময় থমকে দাঁড়ায়। ওর ভীষণ ভয় করে। নিজেকেই বলে, কবি ও কবিতার দেশে এমন দৃশ্য তো দেখতে চাই না আমি। ও বিধ্বস্ত, ক্লান্ত মানুষ হয়ে ফুটপাতে বসে পড়ে। দেখে আকাশে জ্বলজ্বল করছে নক্ষত্ররাজি। ভরা পূর্ণিমার গোল চাঁদ মঞ্জুরির মুখমণ্ডল। যেন ভেসে আসছে সংগীত। বলছে, কবি দেখো কী সুন্দর আকাশ! এমন পূর্ণিমা তুমি কোনো দিন দেখোনি। ও বিড়বিড় করে বলে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ওহ, কোথায় কে এই রাতের শহরে চিত্কার করে এসব কথা বলে। মঞ্জুরি তোমার হাতটা বাড়াও। আমি ছুঁতে চাই। এখনই প্রেমের কবিতা লেখার প্রকৃত সময়। ও ফুটপাতের ওপর চিত্পাত শুয়ে পড়ে। শুনতে পায় কারা যেন এগিয়ে আসছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওর শরীর হিম হয়ে যায়। সেই কবিরাই তো আসছে—চর্যাপদের কবিরা, যারা সূচনা করেছিল। যাদের হাতে তৈরি হয়েছিল বাংলা ভাষার আদিরূপ। ও তো জানে ভুসুকুপাদ ওকে ডেকে তুলবে। বলবে, কবি জাগো। দেখো আমরা এসেছি তোমাদের কাছে। ও বলবে, তুমি কেমন আছো ভুসুকুপাদ? ভুসুকু বলবে, আমার শরীর খারাপ। মনও। কোথাও গিয়ে স্বস্তি পাই না। কারণ তুমি আমাকে দেখলেই একটি প্রশ্ন করো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি, তুমি কেন সেই অমর পংক্তিটি লিখেছিলে ভুসুকুপাদ? কেন লিখেছিলে, আজি ভুসুকু বঙ্গালী ভইলী? বলো ভুসুকুপাদ। ইতিহাস থেকে উত্তর খুঁজে নাও। তোমার চারদিকে তাকিয়ে দেখো তোমাকেও একই কথা বলতে হবে।ছেলেটি বুঝতে পারে পায়ের শব্দ ওর কাছে এসে থেমে গেছে। লোকটি ওর গায়ে পা দিয়ে খোঁচা দিয়ে বলে, কে রে তুই এখানে পড়ে আছিস?আমি কবি ভুসুকু। কবি ভুসুকু! বাব্বা, বেড়ে নাম তো। তোর বাড়ি নেই? থাকবে না কেন? পকেটে মালপানি থাকলে বের কর। ঘড়ি কই? ঘড়ি রাখিস না কেন? কবিরা রাতের সময় জানার জন্য ঘড়ি দেখে না।ও বাব্বা, মাতালের মতো কথা বলছিস যে? মালপানি তুই বের করবি না আমি পকেটে হাত দেব? তুমি বের করে নাও। তুমি তো ভিক্ষুক না যে আমি নিজের হাতে দেব। নাও, যা আছে, নাও। কিছু না থাকলে কিন্তু লাশ হয়ে যাবি? ছেলেটি হা-হা করে হাসে। মরে গেলে তোর জন্য কাঁদার কেউ আছে?মা আছে। আর কেউ?মঞ্জুরি। ও আমাকে ভালোবাসে। তাহলে দেখি মরবি না বাঁচবি। লোকটি উবু হয়ে বসে ওর পকেটে হাত ঢোকায়। এক শ টাকার একটি নোট আর বলপেনটা বের করে আনে। চাঁদের আলোয় এক শ টাকার নোটটা ঘুরিয়ে-ফিরিয়ে দেখে বলে, আজ রাতে এতেই চলবে। আমি বেশি টাকা খুঁজি না। তুই না কবি, তাহলে কলমটা এই পকেটে রেখেছিস কেন? বুকপকেটে রাখ। লোকটি ওর টি-শার্টের পকেটে বলপেনটা গুঁজে দিতে দিতে বলে, আমাকে নিয়ে একটি কবিতা লিখিস। লিখবি তো? আমি তো প্রেমের কবিতা লিখি। আর কিছু লিখতে পারি না। প্রেম? লোকটি হাসতে হাসতে চলে যায়।ছেলেটির মনে হয়, লোকটি এক আশ্চর্য প্রেমিক। ওর শরীরজুড়ে প্রেম। শরীরের ভেতরের এবং বাইরের বিন্দুমাত্র অংশ প্রেমহীন নয়। পরদিন মঞ্জুরিকে লোকটির গল্প করলে মঞ্জুরি হাসতে হাসতে বলে, এমন প্রেমিক পুরুষ রাতের ঢাকায় ঘুরে বেড়ায় ভেবে আমার শুনতে ভালোই লাগছে। কিন্তু পকেটে এক শ টাকার নোটটি না থাকলে তোর কী হতো ভুসুকু? ভয় পাচ্ছিস যে লাশ হয়ে যেতাম? সে রকমই তো বলেছিল ও।তার পরও ও কবির বুকপকেটে কলম গুঁজে দেয়। মঞ্জুরির উচ্ছ্বসিত হাসি আন্দোলিত করে ছেলেটির শরীর ও হূদয়। ও মঞ্জুরির হাত ধরে বলে, আজ রাতে আমি তোকে নিয়ে যাব রাতের শহর দেখাতে। দেখবি কত আপন, কত নিবিড় এই শহরের রাত। তখন তুই শিখবি মানুষকে খাটো করে দেখতে নেই। মানুষ অনেক বড় মঞ্জুরি। আসলে তুই একটা পাগল। মোটেই পাগল নই। আমি শ্রীমধুসূদন দত্তের গ্রামের ছেলে। সেই অমর কবি বলেছিলেন, ‘সেই ধন্য নরকুলে/লোকে যারে নাহি ভুলে।’ তোরও কি এমন অমরত্বের সাধ হয়েছে?ছেলেটি হাসতে হাসতে বলে, কবি বলেছিলেন, ‘আমি সুদ্ধ বাঙালি নহি, আমি বাঙ্গাল, আমার বাড়ি যশোহর।’ আমিও বাঙাল। আমার বাড়ি যশোরের সাগরদাঁড়ি গ্রামে। তুই তো জানিস মঞ্জুরি। কে বলেছে যে তুই বাঙাল নস?তুইও বাঙাল মঞ্জুরি, তুইও। উটকো কিছু হওয়ার বাহানা করে লাভ নেই। বুঝলি? বুঝি, বুঝি, তোকে আমার চেয়ে আর কে বেশি বোঝে? তাহলে আজ আমার সঙ্গে রাতের ঢাকা দেখবি? দেখব। তিন সত্যি দেখব।কখন দেখা হবে?সন্ধ্যায়। এত আগে? সন্ধ্যায় বেরিয়ে রাতে আর ফিরব না। নইলে যে বাড়ি থেকে আমাকে বের হতে দেবে না। ছেলেটি গম্ভীর হয়ে বলে, তা ঠিক। দুজনে হেঁটে যায় রাতের ঢাকার রাজপথে। কখনো দু-একটি গাড়ি সাঁই করে চলে যায়। ওরা গাছের আড়ালে দাঁড়িয়ে আলো ঠেকায়। এবং পরস্পরকে জড়িয়ে ধরে। ছেলেটি বলে, রাতের ঢাকা খুব সুন্দর। অন্ধকার অনেক কুিসত জিনিস আড়াল করে দেয়। দিনের ঢাকা আমার কাছে একদম ন্যাংটো লাগে রে মঞ্জুরি। মঞ্জুরি ওর কণ্ঠস্বরের বেদনাবোধে চমকে ওঠে। যেন কণ্ঠস্বর নয়, অদৃশ্য নীল ধাতব শব্দ বুঝি বেরিয়ে আসছে একজন কবির বুকের ভেতর থেকে। এই কবি সব সময় ওর সামনে এক রকম নয়। রাতের ঢাকার রাজপথে ওর হাত ধরে হাঁটতে না বের হলে বুঝি ওকে এভাবে বোঝা হতো না। ও ছেলেটির বুকের ওপর হাত রেখে বলে, তোর কিসের কষ্ট ভুসুকু?কষ্ট! ছেলেটির বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দীর্ঘশ্বাস হা-হা করে ফেরে বাতাসে। মঞ্জুরি ওর কবিতার মতো শরীরে সে বাতাসে টেনে নেয়। ভাবে, দীর্ঘশ্বাসও একটি গভীর প্রেম। ছেলেটির হাত ধরে বলে—ভুসুকু, তুই আর রাতের শহর দেখতে বের হবি না। রাতের শহর তোর কষ্ট বাড়ায়।না, কষ্ট বাড়ায় না। আমার বেঁচে থাকার শক্তি দেয়। তুই তো জানিস, আমি দিনের শহর দেখতে চাই না। কারণ শহরটার অনেক কিছু হারিয়েছে। আমি হারানো পোড়-খাওয়া শহরের মৃত আত্মার সাক্ষী হতে চাই না। কী যে ছাইপাশ বলছিস। আমার একটুও ভালো লাগছে না। আমি বাড়ি যাব। বাড়ি? এই মধ্যরাতে কোনো মেয়ে বাড়ি ফিরতে পারে? এই শহর কি তোকে সেই অধিকার দিয়েছে মঞ্জুরি? মঞ্জুরির কণ্ঠ ভারী হয়ে যায়। ও বড় সত্যি কথা বলেছে। এই মধ্যরাতে এই নির্মম সত্য ওর চেয়ে কে আর বেশি বুঝবে? ভুসুকু হাঁটতে হাঁটতে বলে, মন খারাপ করে দিলাম?অধিকারের কথা দিয়ে কি প্রেমের কবিতা হয়? হয়। লিখতে পারলে হয়। তুই লিখবি আমার জন্য? না। কেন?এই শহরে সেই প্রেম নেই। যখন সেই প্রেম হবে তখন লিখব মঞ্জুরি। তত দিন আমি বাঁচব? নাও বাঁচতে পারিস।তুই বাঁচবি? একদম না। অত দিন মানুষের আয়ু হয় না।তাহলে আমার অধিকার হতে—আহ্, মঞ্জুরি, প্রশ্ন করিস না। আয় দৌড়াই। তোর কষ্টের কথাটা বল? কেন তোর বুকভরা দীর্ঘশ্বাস? কেন দীর্ঘশ্বাস রাতের শহরে ছাড়িস? বল। বল ভুসুকু, কষ্ট কিসের? মাতৃভাষার। আমার বাংলা ভাষার। বাংলা ভাষার! মঞ্জুরির কণ্ঠে বিস্ময় ধ্বনিত হয়। ভুসুকু, তুই কী বলছিস? ছেলেটি প্রশ্নের উত্তর দেয় না। ছেলেটি দৌড়াবে কি না ভাবে। ছেলেটির ভেতর অসংখ্য মন্দিরা টুংটাং শব্দে বাজে। তারপর রাতের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে বলে, এমন দিনই সামনে দেখতে পাই, যেদিন আমাকে চেঁচিয়ে বলতে হবে, আজি ভুসুকু বঙ্গালী ভইলী। মঞ্জুরি ওর হাত ধরে টেনে বলে, সরে আয়, সরে আয় ভুসুকু। দৈত্যের মতো ট্রাক আসছে। তোকে পিষে ফেলবে। ভুসুকু দুপা পিছিয়ে এসে বলে, রাতেও শান্তি নেই। পিষে ফেলার দানবগুলো দিন-রাত সমান করে ফেলছে।চল বাড়ি যাই।না, আমি এই ফুটপাতে বসে একটি কবিতার জন্য প্রার্থনা করব। আর আমি কী করব?দীর্ঘ আয়ুর জন্য অপেক্ষা করবি। মঞ্জুরি হেসে গড়িয়ে পড়ে। হাসতে হাসতে বলে, রাতের আকাশে তারা ফুটে থাকুক। আমি দেখি আর বলি, ভুসুকুর প্রেম থেকে বেরিয়ে আসুক জল। আমরা জলে পা ডুবিয়ে বলব, আমরা কি শুদ্ধ হতে পেরেছি ঈশ্বর!তখন ছেলেটির কণ্ঠ থেকে গমগমে শব্দরাজি মঞ্জুরির শরীর ছুঁতে থাকে। ছেলেটি আবৃত্তি করে: অন্ধকার নেমে আসে থেকে-থেকে মানুষের প্রেমে/তুমি তো থামোনি তবু, যাওনি তো কখনোই নেমে/এসেছ আমার কাছে নদী পার হয়ে/বৃষ্টি-ভেজা কদমের গাঢ় গন্ধ বয়ে। ওর কবিতা শুনতে শুনতে মঞ্জুরির মনে হয়, আকাশের তারাগুলো বৃষ্টির মতো টুপটাপ ঝরছে। শহরের রাস্তাগুলো ভরে যাচ্ছে তারায় তারায়। অন্ধকার গাঢ় হয় এবং অন্ধকার আলোর মতো বিচ্ছুরিত হয়।