চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের মানোন্নয়নে ইনস্টিটিউট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া মন্ত্রিসভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন নিয়ে আলোচনা হয়। ২০১১-১২ অর্থবছরের কার্যাবলিসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনও উপস্থাপন করা হয় আজ। হজ আইনের খসড়া আবারও ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত খসড়ায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, টেলিভিশনের অনুষ্ঠান ও সাংবাদিকতার মান উন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। চলচ্চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি ছিল একে শিল্প হিসেবে ঘোষণা করা। সরকার এর গুরুত্ব বিবেচনা করে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠানের উন্নয়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই আইন অনুযায়ী, চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন বরেণ্য ব্যক্তি এ ইনস্টিটিউটের চেয়ারম্যান হবেন। ইনস্টিটিউট পরিচালনার জন্য একটি কাউন্সিল থাকবে। কাউন্সিলের প্রধান হবেন একজন যুগ্ম সচিব। এই প্রতিষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও তিনি জানান।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন বৈঠকে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১২’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন প্রসঙ্গে মন্ত্রিপরিষদের সচিব জানান, এর আগে গত ৬ আগস্ট এ খসড়া আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, এ বিশ্ববিদ্যালয় দেশের প্রায় দেড় হাজার কামিল ও ফাজিল মাদ্রাসা অ্যাফিলিয়েটিংয়ের (অধিভুক্ত) কাজ করবে। নীতিগত অনুমোদনের সময় মন্ত্রিপরিষদের সচিব জানিয়েছিলেন, সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে অনুমোদনহীন ৫০০ ফাজিল ও ৩০০ কামিল মাদ্রাসা রয়েছে। আর অধিভুক্ত মাদ্রাসা রয়েছে—ফাজিল ৯৮২টি ও কামিল ১৪৫টি। এসব মাদ্রাসার কার্যক্রম তদারকি, শিক্ষার মান নিয়ন্ত্রণ, পরীক্ষা নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ ও অনুমোদনের কাজও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় করবে।২০১১-১২ অর্থবছরের কার্যাবলিসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনসরকারের ২০১১-১২ অর্থবছরের কার্যাবলিসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। এতে দেখা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, রপ্তানি, রাজস্ব আয়, খাদ্য মজুদ, মাথাপিছু আয়সহ বিভিন্ন খাতে উন্নয়ন ও অগ্রগতি এসেছে। মন্ত্রিপরিষদের সচিব জানান, গত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১২৮৪৬.০৫ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের অর্থবছরে এটি ছিল ১১৬৫০.৩২ মিলিয়ন ডলার। এ খাতে শতকরা হিসাবে বৃদ্ধি ১০.২৬।২০১১-১২ অর্থবছরে রপ্তানির পরিমাণ ২৪২৮৭.৬৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরে এটি ছিল ২২৯২৮.২২ মিলিয়ন ডলার। শতকরা বৃদ্ধি ৫.৯৩। পাশাপাশি বেড়েছে আমদানিও; গত অর্থবছরে এটি ছিল ৩৫৪৪১.৮০ মিলিয়ন ডলার, আগের অর্থবছরে যা ছিল ৩৩৬৫৭.০০ মিলিয়ন ডলার। বৃদ্ধি ৫.৩০ শতাংশ।তিনি আরও জানান, গত অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে। রাজস্ব আয়ের পরিমাণ ৯৪৪৫৭.৩৭ কোটি টাকা। আগের অর্থবছরে এটি ছিল ৭৯৪০৩.১১ কোটি টাকা।‍বৃদ্ধি ১৮.৯৬ শতাংশ। আর মাথাপিছু আয় ৮৪৮ মার্কিন ডলার, আগের অর্থবছরে ছিল ৮১৬ ডলার।আবার ফেরত পাঠানো হলো হজ আইনের খসড়ামন্ত্রিসভার বৈঠকে দ্বিতীয়বারের মতো ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’-এর খসড়া উপস্থাপন করা হলে তা আবার ফেরত পাঠানো হয়। মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এ আইনের ব্যাপারে আগেও মন্ত্রিসভা কিছু অনুশাসন ও সংযোজন-বিয়োজন করার পরামর্শ দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় আজ মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করে। মন্ত্রিসভা খসড়া আইনটি পর্যালোচনা করেছে। মন্ত্রিসভা অন্যান্য দেশের হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইনের সঙ্গে তুলনার পর খসড়াটি পরিমার্জন করে আবার উপস্থাপনের জন্য বলেছে বলেও জানান সচিব।