২০০৯ সালে আয়োজিত ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় ‘সুপার হিরোইন’ হয়েছিলেন মিমো। এরপর তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রে। শাকিব খানের বিপরীতে কিং খান এবং এফ আই মানিক পরিচালিত এক জবান ছবিতে। দুটি ছবিই মুক্তি পেয়েছে। তিনি অভিনয় করছেন ছোট পর্দায়। আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বন্ধু আমার। গতকাল প্রচারিত হয়েছে নাটকটির ৫০তম পর্ব। রচনা ও পরিচালনা করছেন ফেরদৌস হাসান। তাতে অভিনয় করছেন মিমো। কথা হলো তাঁর সঙ্গে।‘বন্ধু আমার’ ধারাবাহিকে আপনার চরিত্রটির কথা বলুন।গল্পে আমি গ্রামের মেয়ে। নাম জুলেখা। যাত্রাপালায় অভিনয় করি। চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছি। এই নাটকের শুটিংয়ে যেদিন যাই, সেদিন কিন্তু নিজেকে সত্যি সত্যি ‘জুলেখা’ বলে মনে হয়। আমি যেন জীবনের সঙ্গে সংগ্রাম করা একটি মেয়ে। গ্রামের অসংখ্য মেয়ের স্বপ্নের কথা বের হচ্ছে আমার কণ্ঠ থেকে।ধারাবাহিকটিতে কাজ করতে কেমন লাগছে?দারুণ। এই নাটকে শুটিংয়ের জন্য কল থাকে সকাল নয়টায়। ওই সময়ের মধ্যেই সবাই পৌঁছে যাই। এরপর মেকআপ নেওয়ার পালা। আমাদের কিন্তু আগে থেকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয় না। সকালে এসে রানা ভাই (ফেরদৌস হাসান) ব্যস্ত হয়ে পড়েন স্ক্রিপ্ট লিখতে। আমরা বসে যাই আড্ডা দিতে। লেখা শেষ হলে শুরু হয় শুটিং। হাতে স্ক্রিপ্ট আসে। রানা ভাই কিন্তু খুব ধরে ধরে প্রতিটি দৃশ্য করেন। স্ক্রিপ্টের বাইরে কোনো সংলাপ বলার সুযোগ নেই। আর সংলাপগুলোও হয় খুব ঝরঝরে।আপনি তো চলচ্চিত্রে কাজ করছিলেন, নাটকে ব্যস্ত হলেন কেন?আমি কিন্তু এখনো চলচ্চিত্রে কাজ করছি। আমার তো দুটি ছবি মুক্তি পেয়েছে। ওই দুটি ছবি দেখে মনে হলো, অভিনয় শেখা খুব প্রয়োজন। ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার পরপরই যেহেতু কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই শেখার সুযোগ তেমন পাইনি। এখন চলচ্চিত্রে কাজের ফাঁকে টিভি নাটকে বড় বড় পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করে কিছুটা শেখার চেষ্টা করছি।