চলচ্চিত্র-নির্মাতা আক্তারুজ্জামান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আক্তারুজ্জামান (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আক্তারুজ্জামান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর পরিচালিত ‘পোকামাকড়ের ঘর বসতি’ ছবিটি ১৯৯৬ সালে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা কাহিনি, সেরা চিত্রনাট্য, সেরা শিল্পনির্দেশক, সেরা চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এ ছাড়া তিনি ‘ফেরারী বসন্ত’ ও ‘প্রিন্সেস টিনা খান’ নামেও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি তিনি ‘সূচনা রেখার দিকে’ ছবির জন্য সরকারি অনুদান পেয়েছিলেন।আক্তারুজ্জামানের ভাই বদরুজ্জামান জানান, এরই মধ্যে ছবিটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।বদরুজ্জামান আরও জানান, আক্তারুজ্জামান হূদরোগে ভুগছিলেন। এ বছর এপ্রিল মাসে তাঁর হূদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। তাঁর মরদেহ কাল বুধবার সকালে নরসিংদী জেলার রায়পুরার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।চলচ্চিত্র-নির্মাতা ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান মৃত্যুকালে স্ত্রী, ছেলে ও অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।