চলচ্চিত্র মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন সুভাষ দত্ত
আবারও আয়োজন করা হচ্ছে ‘চলচ্চিত্র মেলা’। ১৩ জানুয়ারি বেলা ১১টায় এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনের সামনে তৈরি মঞ্চে মেলার উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। চতুর্থবারের মতো আয়োজিত ‘চলচ্চিত্র মেলা’য় এবার আজীবন সম্মাননা দেওয়া হবে সুভাষ দত্তকে। তিনি পাবেন এক লাখ টাকা। এ ছাড়া চলচ্চিত্রশিল্পে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন ভাইয়া গ্রুপ বলে পরিচিত মাসুদ পারভেজ সোহেল রানা, কামাল পারভেজ, জুয়েল পারভেজ ও রুবেল। এই চার ভাই বিভিন্ন সময়ে চলচ্চিত্র প্রযোজনা করেছেন। আর সোহেল রানা ও রুবেল প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা করেছেন।এই চলচ্চিত্র মেলা আয়োজন করছে ইমপ্রেস টেলিফিল্ম।চলচ্চিত্র মেলার সমন্বয়কের দায়িত্বে আছেন আবদুর রহমান। তিনি জানান, চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য বশির আহমেদ, আবদুল জব্বার এবং খুরশীদ আলমকেও সম্মান জানানো হবে।আবদুর রহমান বললেন, ‘এই চলচ্চিত্র মেলা হবে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এক মিলনমেলা। প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আমরা এই আয়োজন সফল করতে চাই। আর শুধু আমন্ত্রিত অতিথিরাই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। দর্শকদের জন্য মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।’মেলা উপলক্ষে এফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে একটি মঞ্চ তৈরি হচ্ছে। এই মঞ্চে সন্ধ্যা পর্যন্ত পরিবেশন করা হবে নানা অনুষ্ঠান।