চলচ্চিত্র মেলায় সাতজন শিল্পীকে বিশেষ সম্মাননা
চলচ্চিত্র মেলা থেকে এবার আজীবন সম্মাননা ও পরিবারভিত্তিক সম্মাননার পাশাপাশি সাতজন শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। গতকাল বুধবার এফডিসিতে চলচ্চিত্র মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশেষ সম্মাননা পাচ্ছেন: রোজিনা, নূতন, সুচরিতা, অঞ্জনা, মৌসুমী, মিশা সওদাগর ও শাকিব খান। এফডিসিতে ১৩ জানুয়ারি দিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হবে বেলা ১১টায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় ৪০টি স্টল থাকবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ, কিউট মৌসুমী ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, প্রযোজক ও পরিবেশক খসরু, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু এবং চলচ্চিত্র মেলার পরিচালক আবদুর রহমান। চলচ্চিত্র মেলা চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।