চলচ্চিত্রই আমার প্রধান লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক কামিং সুন। নাটকটি যৌথভাবে রচনা করেছেন সিমু নাসের ও শরাফ আহমেদ জীবন। পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এতে অভিনয় করেছেন শায়না আমিন। কথা হলো তাঁর সঙ্গেকী করছেন?উত্তরায় শুটিংয়ে আছি। এখানেকামিং সুন ধারাবাহিকের কাজ করছি।কত দিন পর আবার শুটিং করছেন?কামিং সুন ধারাবাহিকের প্রথম দিককার শুটিং করেছিলাম আট-নয় মাস আগে। চার বন্ধুর নানা ঘটনা নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঠিক আগের সময়টাতে তরুণ প্রজন্মের মধ্যে যে ক্রাইসিস দেখা দেয়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। নাটকটিতে কাজ করতে গিয়ে অভিনয়ের অনেক কিছু শিখতে পেরেছি। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম অভিনীত নাটক। নাটকে অভিনয়ের অনেক কৌশল উনি আমাকে শিখিয়েছেন। এ ছাড়া নাটকটিতে আমার মা হিসেবে অভিনয় করেছেন মনিরা মিঠু। এখানে আমাদের মা-মেয়ের সম্পর্কটা দেখানো হয় টম অ্যান্ড জেরি কার্টুনের মতো। নতুন চলচ্চিত্র দুটির কাজ কত দূর এগিয়েছে।বর্তমানে আমি নার্গিস আকতারের পুত্র এখন পয়সাওয়ালা এবং মাসুদ আখন্দের পিতা চলচ্চিত্রের শুটিং করছি। শুটিং প্রায় শেষের দিকে। দুটি চলচ্চিত্রে আমাকে একেবারেই বিপরীত দুটি চরিত্রে উপস্থাপন করা হয়েছে। পুত্র এখন পয়সাওয়ালা পুরোপুরি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র এবং পিতা মুক্তিযুদ্ধের সময়কার দুই দিনের ঘটনা নিয়ে নির্মিত। প্রথমটিতে আমার সহশিল্পী ইমন এবং পরেরটিতে কল্যাণ। চলচ্চিত্রে নিয়মিত হবেন নাকি?চলচ্চিত্রই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে মেহেরজান চলচ্চিত্রই আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে দিয়েছে। মেহেরজান মুক্তির পর থেকে এরই মধ্যে অনেক চলচ্চিত্রে কাজের প্রস্তাব এসেছে। আমি আসলে ধীরে চলো নীতিতে বিশ্বাসী। বেছে বেছে কাজ করতে চাই এবং সব সময়ই কাজ করতে চাই। পড়াশোনার খবর কী?আমি লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে পড়ছি।