চলচ্চিত্রকে শিশুদের কল্যাণে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য বছরে কমপক্ষে একটি মানসম্মত চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে বলেছেন, এতে শিশুরা ভালো ছবি দেখে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখবে। তিনি গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া সম্ভব। তাই অন্যতম শক্তিশালী গণমাধ্যম চলচ্চিত্রকে শিশুদের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার মানসম্মত শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে সব ধরনের সহযোগিতা দেবে। পাশাপাশি তিনি বছরে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদান দেওয়ার ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আজকের শিশুরা মেধায়-মননে, শিক্ষা-দীক্ষায়, নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তায় আগামী দিনের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠুক।তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে প্রতিবছর গড়ে ৭০ থেকে ৮০টি ছবি নির্মিত হলেও শিশুদের জন্য একটি চলচ্চিত্রও নির্মিত হয় না। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরই বয়স ১৬ বছরের নিচে। দর্শক হিসেবে শিশুদের স্থান সর্বাগ্রে। তার পরও শিশু-কিশোরদের উপযুক্ত ছবি তৈরি না হওয়ার কোনো যুক্তিসংগত কারণ থাকতে পারে না বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিশু চলচ্চিত্র উত্সবের সভাপতি জাফর ইকবাল, ইউনিসেফ প্রতিনিধি ডি রয়, চলচ্চিত্র উত্সব কমিটির পরিচালক মোর্শেদুল ইসলাম, ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনির ফারুক। সভাপতিত্ব করেন শিশু চলচ্চিত্র উত্সবের প্রধান উপদেষ্টা শিল্পী মুস্তাফা মনোয়ার।প্রধানমন্ত্রী বলেন, শিশুতোষ চলচ্চিত্র শুধু শিশুদের জন্য নয়, এ থেকে বড়দেরও অনেক কিছু শেখার আছে। শিশু অধিকার, শিশুদের সঙ্গে আচরণ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা এগুলো নিপুণভাবে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা সম্ভব।তিনি শিশু চলচ্চিত্র উত্সব আয়োজন করার জন্য চিলড্রেন ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানান এবং উত্সবের সাফল্য কামনা করেন।এবারের শিশু চলচ্চিত্র উত্সবের স্লোগান হচ্ছে, ‘ফ্রেমে ফ্রেমে আগামী দিনের স্বপ্ন’। ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১২টি ভেন্যুতে ৫০টি দেশের ২৪৩টি শিশু চলচ্চিত্র প্রদর্শন করা হবে।