গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে লালটিপ চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন ইমন। কথা হলো তাঁর সঙ্গেকী নিয়ে ব্যস্ত?আজ (২১ ফেব্রুয়ারি) বাসাতেই আছি। সকাল থেকে একুশের বিভিন্ন অনুষ্ঠান দেখছি টেলিভিশনে। সন্ধ্যায় যাব সিনেমা হলে। আমার নিজের ছবি দর্শকেরা কীভাবে দেখছে সেটা বোঝার চেষ্টা করব।যে প্রত্যাশা থেকে লালটিপ ছবিতে অভিনয় করেছিলেন, ছবি মুক্তির পর তার কতটা পূরণ হয়েছে?লালটিপ নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। কারণ, বেশি প্রত্যাশা করার মতো সব উপাদানই ছবিতে আছে। ছবির গল্প, গানগুলোর দৃশ্যায়নে সব আকর্ষণীয় লোকেশন ও কারিগরি সুবিধা—সবই আমরা পেয়েছি। ছবি মুক্তির পর দেখলাম, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সিনেমা হলে যাচ্ছে। একজন ব্যাংকার আমাকে বললেন, তিনি অনেক দিন বাংলা ছবি দেখেন না, কিন্তু লালটিপ দেখতে তিনি সিনেমা হলে যাচ্ছেন। আমরা এটাই তো চেয়েছিলাম।লালটিপ-এর পর আপনাকে কোন ছবিতে আমরা দেখতে পাব?সামনে আসছে অবুঝ ভালোবাসা। এ ছবিতে আমার সঙ্গে আছেন শাবনূর। এরপর মুক্তি পাবে নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা। এ ছাড়া আরও কিছু ছবির কাজ শেষের পথে।বাংলা চলচ্চিত্রের অবস্থা তো এখন ভালো না। সেখানে আপনি ক্যারিয়ার ভালো করবেন কী করে?আসলে চলচ্চিত্রে তো কাজটা শুরু করেছিলাম হুট করেই। এক বুক ভালোবাসা ছবির ব্যবসায়িক সাফল্যের পর একের পর এক ছবি হাতে নিয়েছি। এর মধ্যে দু-একটি ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। ফলে একধরনের খারাপ লাগার অনুভূতি তো কাজ করেছে। অনেকেই আমাকে বলেছে, তুমি টিভি নাটকে কাজ শুরু করো। কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার একধরনের প্রেম আছে। এই প্রেমের বন্ধনমুক্ত হওয়াটা খুব সোজা নয়। তা ছাড়া আমি মনে করি না যে চলচ্চিত্রে ব্যবসায়িক মন্দাটা স্থায়ী হবে। একসময় না একসময় ব্যবসা চাঙা হবেই। তাই আমি চলচ্চিত্র এবং আমার ক্যারিয়ার নিয়ে আশাবাদী।চলচ্চিত্রে কাজ করলে কি টিভি নাটকে কাজ করা যায় না?কাজ করা যাবে না, এটা বলছি না। তবে দুটো আসলে দুই মাধ্যম। নাটকে কাজ করতে গেলে যে শিডিউল দিতে হয়, চলচ্চিত্রে তার চেয়ে অনেক বেশি শিডিউল দিতে হবে। এ জন্য নাটকে এখন কাজ করতে গেলে চলচ্চিত্রে শিডিউলে সমস্যা হতে পারে। তা ছাড়া সময় তো এখনো অনেক পড়ে আছে। আমি চলচ্চিত্রমাধ্যমটি আগে জয় করতে চাই।