চলচ্চিত্রমুখর ফুলকি মিলনায়তন
ফুটবল খেলায় মেতেছে দুই কিশোর। অদূরে ক্রাচে ভর দিয়ে তাকিয়ে আরেক কিশোর। চোখে তার খেলার অদম্য বাসনা। অন্য দুজনের খেলা দেখতে দেখতে প্রতিবন্ধী কিশোরের চোখ বেয়ে নামছে অশ্রুধারা...চট্টগ্রামের কিশোর মো. রিপন নির্মিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এক্সপেক্টেশন-এর দৃশ্যচিত্র এটি। গতকাল বুধবার ফুলকি মিলনায়তনে দ্য ডেইলি স্টার আয়োজিত অদম্য চট্টগ্রাম উত্সবের ‘ফিল্ম ফেস্টিভ্যাল’ পর্বে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। উত্সবে এক মিনিট দৈর্ঘ্যের চেঞ্জ এবং ড্রিম নামের আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।চার দিনব্যাপী এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন শহীদজায়া ও লেখিকা বেগম মুশতারী শফী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো-প্রধান রইসুল হক।উদ্বোধনী বক্তব্যে বেগম মুশতারী শফী বলেন, ‘চট্টগ্রামে এত বছর ধরে বসবাস করছি, কিন্তু চট্টগ্রামকে নিয়ে, চট্টগ্রামের মানুষকে নিয়ে এত চলচ্চিত্র, কথাকাহিনি নির্মিত হয়েছে, তা জানা ছিল না।’চলচ্চিত্র উত্সবের প্রথম দিনে গতকাল বুধবার শামসুল হোসাইন পরিচালিত প্রামাণ্যচিত্র সুফিয়ার কাহিনি, রূপম চক্রবর্তীর পূর্ণ এক সুরের শ্যাম, আবদুল্লাহ আল-মামুন পরিচালিত চলচ্চিত্র সারেং বৌ প্রদর্শিত হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় প্রামাণ্য চলচ্চিত্র শাটল ট্রেন, কাহিনিচিত্র সাম্পানওয়ালা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় দীপ্ত আকাশে উড়বে, মেঠো পথের গান, ছুটির ঘণ্টা প্রদর্শিত হবে। আয়োজকেরা জানান, সবার জন্য উন্মুক্ত চার দিনব্যাপী এই চলচ্চিত্র উত্সবে মোট ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।এদিকে, শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ ছিল শত শত তরুণের কলকাকলিতে মুখর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা, শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গান, কর্ণফুলীর সাম্পান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, স্থানীয় সব কৃষ্টি ও ঐতিহ্য এ সময় যেন এক হয়ে ধরা দিল মঞ্চে। আর এসব পরিবেশন করলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অদম্য চট্টগ্রাম উত্সবের অংশ হিসেবে আয়োজিত তারুণ্য উত্সবের শেষ দিনে আন্তবিশ্ববিদ্যালয় ‘চাঁটগাইয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায়’ তারুণ্যের এই মেলা বসেছিল। আটটি বিশ্ববিদ্যালয়ের এই প্রতিযোগিতায় প্রথম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় পুরস্কার লাভ করে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইউএসটিসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ মিনিটের বৃন্দ পরিবেশনাটি ছিল শাটল ট্রেন নিয়ে। শাটল ট্রেনে ছাত্রীরা বসে গান গাইতে গাইতে চলে যায় ক্যাম্পাসে। ‘মালকা বানুর দেশে রে’ এবং এ-জাতীয় লোক গান আর কোরিওগ্রাফির মিশ্রণের পরিবেশনা দর্শকপ্রিয়তা পায়। অন্যদিকে চুয়েট মূকাভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরে চট্টগ্রামের সাম্পানওয়ালাকে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে চট্টগ্রামের ভাষায় তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য। পুরো প্রতিযোগিতাজুড়ে বেজেছে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক গান।