বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নো প্রবলেম। নাটকটি লিখেছেন নজরুল ইসলাম ও সৌমি ইসলাম। পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। অভিনয় করেছেন নাফিজা। কথা হলো তাঁর সঙ্গে।শুটিংয়ে নাকি?পুবাইলে ঈদের নাটকের শুটিং করছি। নাম মনের গহীনে। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এই নাটকের মাধ্যমে অনেক দিন পর অপূর্বর সঙ্গে অভিনয় করছি।ঈদের আর কী নাটক করছেন?শুনেছি গত ঈদে প্রচার না হওয়া বেশ কয়েকটি নাটক এবারের ঈদে প্রচারিত হবে। তবে এবার নতুনভাবে চার-পাঁচটি নাটকের শুটিং করব। এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ করেছি। বাকিগুলোর কাজ খুব শিগগির শুরু হবে। আসলে বিভিন্ন চ্যানেলে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হচ্ছে তো, তাই এক ঘণ্টার নাটকের কাজ খুব একটা করতে পারছি না। আজ বাংলাভিশনে দেখানো হবে ‘নো প্রবলেম’ নাটকটি। এই নাটকের গল্পটি বিশ্ববিদ্যালয়-জীবনের ছাত্রছাত্রীদের নানা সমস্যা নিয়ে। এখানে আমার চরিত্রের নাম জোয়োনি। আমার সঙ্গে রিজভী নামে আমাদেরই এক বন্ধুর প্রেমের সম্পর্ক তৈরি হয়। উচ্চশিক্ষার জন্য পরে সে বিদেশ চলে যায়। এরপর আমার সঙ্গে মাহমুদ নামের আমারই আরেক বন্ধুর সম্পর্ক তৈরি হবে। এখানে মাহমুদ চরিত্রে অভিনয় করছেন কল্যাণ কোরাইয়া।এখন আপনার কয়টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে?সব চ্যানেল মিলে আমার ছয়টি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এনটিভিতে অরণ্য আনোয়ারের রূপকথা, সাইফুল ইসলাম মাননুর অজানা গন্তব্যে, সকাল আহমেদের টার্মিনাল, বৈশাখী টিভিতে রহমতুল্লাহ তুহিনের অন্য সকাল, বাংলাভিশনে নো প্রবলেম এবং একুশে টিভিতে কায়সার আহমেদের ওরা কজন। কাজ চলছে বেশ কয়েকটি ধারাবাহিকেরও। এগুলোর পরিচালকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—আহমেদ ইউসুফ সাবের, ফজলুর রহমান, কবির বাবু ও বিক্রম খান।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?এ বছরের প্রথমেই আমি চলচ্চিত্রটির শুটিং শুরু করেছিলাম। ছবির নাম এই তো ভালোবাসা। এটি প্রযোজনা করছে আরটিভি। মাত্র এক দিনই শুটিং করেছি। মুন্সিগঞ্জে গানের শুটিংয়ে আমার সহশিল্পী ছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু অনেক দিন পর্যন্ত ছবিটির শুটিংয়ের কোনো খবর নেই। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের আশা অনেকটা ছেড়েই দিয়েছি।