চলচ্চিত্রে অভিনয়ের কোনো আগ্রহই নেই: মোনালিসা
কয়েকটি জাতীয় দৈনিকে সম্প্রতি প্রকাশিত হয় ‘চলচ্চিত্রে অভিনয় করছেন মোনালিসা’। এমন খবরের পরিপ্রেক্ষিতে মোনালিসা বলেন, ‘এ ধরনের খবরে আমি নিজেও আসলে বেশ অবাক হয়েছি। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে কারও কথাই হয়নি। তা ছাড়া আমার চলচ্চিত্রে অভিনয়ের কোনো আগ্রহই নেই। এটা স্রেফ গুজব ছাড়া আর কিছুই না।’মোনালিসা আরও বলেন, ‘আমি আসলে ছোট পর্দার মানুষ। নাটক নিয়েই থাকতে চাই। পাশাপাশি মানসম্মত পণ্যের বিজ্ঞাপনে কাজ করব।’এদিকে তিন বছর পর আবারও একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন মাহফুজ আহমেদ ও মোনালিসা। এবারের বিজ্ঞাপনটিও একটি কোমল পানীয়ের। মোনালিসা বলেন, ‘মাহফুজ ভাইয়ের সঙ্গে তিন বছর ধরে কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করিনি। তবে এর মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি। সর্বশেষ ২০১০ সালের রোজার ঈদে দুটি নাটকে অভিনয় করেছিলাম।’নতুন এই বিজ্ঞাপনচিত্রে শুটিংয়ের জন্য ডিসেম্বর মাসের শুরুতে ভারতের দিল্লিতে যাবেন তাঁরা। সেখানেই মাহফুজ আহমেদ ও মোনালিসার নতুন বিজ্ঞাপনচিত্রের দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানিয়েছেন মোনালিসা।