চলচ্চিত্রে নজরুলসংগীত গাইছেন পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য একটি নজরুলসংগীতে কণ্ঠ দিচ্ছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী পুলক। ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ শিরোনামের এই গানটিকে ছবিতে পুরোপুরি সুফি ধাঁচে উপস্থাপন করা হচ্ছে। গানটির সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন।সম্প্রতি মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির প্রাথমিক রেকর্ডিংয়ে অংশ নেন পুলক। তিনি বলেন, ‘আমি সর্বশেষ প্রিয়া আমার জান ছবিতে গান করেছিলাম। অবশ্য সেটিও ছিল সুফি ধাঁচের গান। তবে এবারই প্রথম চলচ্চিত্রে নজরুলসংগীত করছি। গানটির যে ধরনের সংগীতায়োজন করা হয়েছে, তা সবারই ভালো লাগবে।’পুলক আরও বলেন, “এর আগে ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ গানটি আমার ‘যাযাবর পুলক’ অ্যালবামে গেয়েছিলাম। গানটির জন্য অনেকের কাছ থেকে প্রশংসাও পেয়েছি। এবার চলচ্চিত্রে গানটি ব্যবহার হচ্ছে, জেনে খুব ভালো লেগেছে।” তিনি বলেন, ‘তবে চলচ্চিত্রের জন্য গানটির সংগীতায়োজন অন্য রকমভাবে করা হয়েছে। যা শুনলে সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ’উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর এ পর্যন্ত প্রায় ১৫টি চলচ্চিত্রে গান করেছেন পুলক। এগুলোতে প্রথম সারির অনেক কণ্ঠশিল্পীর সঙ্গে পুলক দ্বৈতভাবে গেয়েছেন। তবে চলচ্চিত্রে রুনা লায়লার সঙ্গে গান করাটাকে অনেক বড় পাওয়া বলে মনে করেন তিনি।‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি পরিচালনা করছেন সানিয়াত্ হোসেন। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শখ।