চলচ্চিত্রে রবীন্দ্রনাথের ‘দুই বোন’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘দুই বোন’ নিয়ে চলচ্চিত্র নির্মিত হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। ‘দুই বোন’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের ওহিদুজ্জামান ডায়মন্ড ও পশ্চিমবঙ্গের অধ্যাপক স্বপন সাহা। ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্বে থাকছে বাংলাদেশের পপ মিডিয়া হাউস ও কলকাতার সিক্তা বিশ্বাস।কলকাতা থেকে গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে পরিচালক ওহিদুজ্জামান ডায়মন্ড জানিয়েছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলা ও বাঙালির কবি নন। তাঁর কালজয়ী উপন্যাস দুই বোনের আবেদন চিরন্তন। তাই দীর্ঘদিন ধরে এ গল্পটি নিয়ে গবেষণার পর এবার কাজ শুরু করতে যাচ্ছি। শিগগিরই সবকিছু চূড়ান্ত করা হবে।’‘দুই বোন’ ছবিটির ব্যাপারে আলোচনা চূড়ান্ত করার জন্য গত ২৫ এপ্রিল কলকাতায় যান ডায়মন্ড। ফিরে এসে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার সর্বশেষ দুটি ছবি গঙ্গাযাত্রা ও অন্তর্ধানে অভিনয় করেছেন ফেরদৌস। এ ছাড়া কলকাতায়ও ফেরদৗসের আলাদা একটা অবস্থান রয়েছে। পরিচালক স্বপন সাহাও ছবিটিতে ফেরদৌসের ব্যাপারে উত্সাহী। সবকিছু মিলিয়ে দুই বোন ছবিতে তাঁর থাকার সম্ভাবনাটা অনেক বেশি। তবে অন্য অভিনয়শিল্পীদের ব্যাপারে এখনো তেমন কিছু চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই স্বপন সাহা বাংলাদেশে আসবেন। তিনি আসার পর সেটা চূড়ান্ত করতে পারব।’জানা গেছে, পরিচালকেরা এখন ‘দুই বোন’ ছবির চিত্রনাট্য তৈরির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার।উল্লেখ্য, এর আগে ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে পুরস্কার জিতেছে।