চলছে অনুমোদন ছাড়াই...
সিলেটের বিয়ানীবাজার উপজেলার হাসপাতাল রোড এলাকায় ‘প্রিন্স ডেন্টাল কেয়ার’ নামের একটি চিকিৎসাকেন্দ্র ১৯৯১ সাল থেকে লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম চালিয়ে আসছে। এই চিকিৎসাকেন্দ্রের অবৈধভাবে লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়েও রয়েছে। এর পরও এটি বন্ধের কোনো উদ্যোগে কর্তৃপক্ষ নিচ্ছে না।নিবন্ধনবিহীন অবস্থায় কার্যক্রম চালানো প্রসঙ্গে প্রিন্স ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মো. আজাদুর রহমান শিকদার বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে, তখন সম্ভবত ২০০৮ সালের দিকে লাইসেন্সের জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু তৎকালীন সিলেট সেনাক্যাম্পের অধিনায়ক আমাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করলেন। তিনি পরীক্ষা করে দেখলেন, যেহেতু আমরা কোনো রোগী ভর্তি করছি না, শুধু চেকআপ করছি, তাই কোনো লাইসেন্সের দরকার নেই।’সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের সূত্রে জানা যায়, সিলেট নগর ছাড়া পুরো জেলায় ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে। পাশাপাশি আরও ১৯টি ক্লিনিক-রোগনির্ণয় কেন্দ্র নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের বাইরে আরও প্রায় ১২টি প্রতিষ্ঠান নিবন্ধনবিহীন চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তথ্যানুযায়ী, সিলেট জেলার সদর উপজেলার সেবা ডেন্টাল কেয়ার, গোলাপগঞ্জ উপজেলার সীমান্ত এনএসডিপি, কোম্পানীগঞ্জ উপজেলার জননী এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টার, বালাগঞ্জ উপজেলার তাজ ডে কেয়ার সেন্টার প্রাইভেট লিমিটেড, তানিম হাসপাতাল, বিয়ানীবাজার উপজেলার তন্বী জেন্টাল ক্লিনিক, প্রিন্স ডিন্টাল কেয়ার, রয়েল ডেন্টাল ক্লিনিক, এলিট ডেন্টাল ক্লিনিক, প্রিন্স ডেন্টাল পয়েন্ট, মহিলা ডেন্টাল চেম্বার ও হক ডেন্টাল কেয়ার সিভিল সার্জন কার্যালয়ের লাইসেন্স ছাড়া কার্যক্রম চলাচ্ছে।সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলার জননী এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টার লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম চালাচ্ছে বলে উল্লেখ করা হয়। এটির স্বত্বাধিকারী নীলমণি দেবনাথের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২০০১ সালে আমার প্যাথলজি সেন্টারটি লাইসেন্সবিহীন অবস্থায় চালু হয়েছিল ঠিক, তবে লোকবলের সংকটসহ কয়েকটি কারণে আড়াই বছর ধরে এটি বন্ধ রয়েছে। এ ছাড়া উপজেলায় তো লাইসেন্সবিহীন অবস্থায় এখনো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো বন্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ খোঁজ নিয়ে জানা যায়, জননী এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারটি বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ থাকা সত্ত্বেও জননী এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারটি লাইসেন্সবিহীন অবস্থায় চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে—এ ধরনের ভুল তথ্য সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষিত থাকার ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ২০০৮ সালের পর এই তালিকা হালনাগাদ না করার কারণেই এমনটি হয়েছে।