চলছে অভিযান, বন্ধ হয়নি বাড়তি ভাড়া আদায়
সরকারের দূরত্ব তালিকার তোয়াক্কা না করে নিজেদের মতো বাড়তি ভাড়া আদায় অব্যাহত রেখেছেন বাসমালিকেরা। সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বাসেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।গতকাল রোববার সরেজমিনে রাজধানীর বিভিন্ন পথের বাসে বাড়তি ভাড়া আদায়ের চিত্র দেখা গেছে। বিআরটিএ ও পুলিশের অভিযান সত্ত্বেও বন্ধ হয়নি বাড়তি ভাড়া আদায়। এ নিয়ে খিলক্ষেত, কলাবাগান ও মহাখালী এলাকায় যাত্রীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের হাতাহাতির খবর পাওয়া গেছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালতও বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পান। এ দুটি আদালত পাঁচটি বাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিলের সিদ্ধান্ত দেন এবং তিনটি বাস জব্দ ও ৩২ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাড়তি ভাড়া আদায়ের কারণে ৯১টি মামলা ও আটটি বাস জব্দ করে।এদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতি এক সংবাদ সম্মেলনে বলেছে, আজ সোমবার থেকে বাড়তি ভাড়া আদায় হবে না।চলাচলের অনুমতি বাতিল: বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত যে পাঁচটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন, সেগুলো সুপারিশ আকারে মহানগর আঞ্চলিক পরিবহন কমিটিতে (মেট্রো-আরটিসি) পাঠানো হবে। ঢাকার পুলিশ কমিশনারের নেতৃত্বে মেট্রো-আরটিসি রাজধানীতে বাসের চলাচলের অনুমতি দেয়। অনুমতি বাতিলেরও এখতিয়ার এ কমিটির।তেজগাঁও কলেজের সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাড়তি ভাড়া আদায় করায় বিহঙ্গ ও আর্ক পরিবহনের একটি করে এবং গাবতলী-যাত্রাবাড়ী পথের (রুট ২২-এ) দুটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সিদ্ধান্ত দেন। গুলশান এলাকায় অপর ভ্রাম্যমাণ আদালত অনাবিল পরিবহনের একটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সিদ্ধান্ত দেন। বিহঙ্গ পরিবহনের শ্রমিকেরা প্রথম আলোকে বলেন, এ পরিবহন কোম্পানি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের মালিকানাধীন।তেজগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত বাড়তি ভাড়া আদায় হচ্ছে কি না, তা পরীক্ষা করতে ইউনাইটেড পরিবহনের একটি মিনিবাসে উঠে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পান। ওই মিনিবাসের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে আদালত দেখেন, চালক রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০০৮ সালে বাসচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে কাফরুল থানায় মামলা রয়েছে। আদালত তাঁর লাইসেন্সও জব্দ করেছেন। ওই মামলায় হাজিরা দিতে যে রসিদ দেওয়া হয়েছে, তা দিয়েই বাস চালাচ্ছেন রফিকুল। ভ্রাম্যমাণ আদালত বাড়তি ভাড়া আদায় ও চালকের লাইসেন্স না থাকার কারণে মোট এক হাজার ৭০০ টাকা জরিমানা করেন।ওই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি বাস দাঁড় করিয়ে যাত্রীদের মতামত নিয়ে ও টিকিট পরীক্ষা করে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছেন। নিশ্চিত হয়েই আদেশ দেওয়া হয়েছে।বাড়তি ভাড়া আদায় অব্যাহত: মিরপুর ঘুরে দেখা গেছে, শিখর, বিকল্প অটো, এনা পরিবহন, মিরপুর লিংক, সিল্ক সিটি, চয়েজ, বিহঙ্গ, দ্রুতি সার্ভিস, তিতাস, ইউনাইটেড সার্ভিসসহ বেশ কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। মিরপুর থেকে এসব কোম্পানির বাস-মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ১৩ টাকা। এগুলোর মধ্যে এনা ও তিতাসের বাসও রয়েছে। বাকি কোম্পানিগুলোর সবই মিনিবাস।সরকার মিনিবাসের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে পাঁচ টাকা এবং বাসে সাত টাকা। সর্বনিম্ন ভাড়া দিয়ে একজন যাত্রী মিনিবাসে ৩ দশমিক ৪৫ কিলোমিটার এবং বাসে যেতে পারবেন সাড়ে চার কিলোমিটার।তবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে সর্বনিম্ন ভাড়া প্রথম দুই কিলোমিটারের জন্য পাঁচ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য এক টাকা ৫৫ পয়সা।ফার্মগেটে জুম্মন ভূঁইয়া নামের এক যাত্রী অভিযোগ করেন, ইউনাইটেড পরিবহনে ফার্মগেট থেকে তালতলা যাওয়ার জন্য তাঁকে ১৩ টাকার টিকিট কাটতে হয়েছে। বিআরটিএর হিসাব অনুযায়ী, ফার্মগেট থেকে তালতলার দূরত্ব তিন কিলোমিটার। মিনিবাসে এই দূরত্ব সর্বনিম্ন (পাঁচ টাকা) ভাড়ার মধ্যেই পড়ে।সরকার বিআরটিসির জন্য গত শুক্রবার থেকে নতুন ভাড়া নির্ধারণ করেছে। কিন্তু এই বাসেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ১০ টাকা আদায় করছে। অথচ এই পথের দূরত্ব ২ দশমিক ৪ কিলোমিটার। এই দূরত্ব সর্বনিম্ন ভাড়ার মধ্যে পড়ে।বিকেলে শাহবাগে বিআরটিসির বাসের অপেক্ষায় থাকা একরাম উল্লাহ বলেন, ‘সরকারি সংস্থার বাসেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বাসভাড়ার নৈরাজ্য বন্ধে সরকারের ওপর কীভাবে ভরসা করব। এটা আমাদের নিয়তি, মেনে নিতেও কষ্ট হচ্ছে।’মালিক সমিতির সংবাদ সম্মেলন: বিকেলে বাসমালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি মতিঝিলের পরিবহন ভবনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, সব বাসমালিককে বলে দেওয়া হয়েছে নির্ধারিত ভাড়ার বাইরে কেউ আদায় করতে পারবে না। আরটিসি যেসব স্থানে থামার অনুমতি দিয়েছে সেসব স্থানে বাস থামাতে হবে। নতুন করে ‘সিটিং বা ডাইরেক্ট সার্ভিস’ করা যাবে না। সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করতে খুচরা নেই, এ অজুহাত দেওয়া যাবে না। প্রয়োজনে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিতে হবে। সব বাস ও কাউন্টারে ভাড়ার তালিকা টানাতে হবে। পুরোনো টিকিটে সিল মেরে বিক্রি করা যাবে না। এগুলো না মানলে চলাচলের অনুমতি বাতিল, জরিমানা ও কারাদণ্ড দেবে সরকার।এক প্রশ্নের জবাবে এনায়েত উল্যাহ বলেন, তাঁদের সমিতির সদস্যভুক্ত নয় এমন ১৪-১৫টি কোম্পানি বাড়তি ভাড়া নিচ্ছে। তাঁদের সমিতির অন্তর্ভুক্ত ১১টি কোম্পানির বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়ার পর তাদের সতর্ক করা হয়েছে।