চলছে আংশিক নৌ-ধর্মঘট
বেতন কাঠামো সংশোধনের দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা নৌপরিবহন ধর্মঘট আজ রোববারও আংশিকভাবে পালিত হচ্ছে। আজ সকাল আটটা থেকে ১০টার মধ্যে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পাঁচটি লঞ্চ মুন্সিগঞ্জ ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। তবে লঞ্চগুলোয় যাত্রী ছিল কম। স্বাভাবিক যেকোনো দিন এ সময়ের মধ্যে অন্তত আটটি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে টার্মিনাল সূত্রে জানা গেছে।বেতন কাঠামো সংশোধনের দাবিতে শ্রমিক ফেডারেশন যেমন দৃঢ় অবস্থানে আছে, তার বিপরীতে সরকার ও লঞ্চ মালিক সমিতিও একই রকম অবস্থান গ্রহণ করেছে। নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার দাবি করেন, নৌপরিবহন ধর্মঘট পালিত হচ্ছে না। সচিব বলেন, ধর্মঘট ডাকা শ্রমিকেরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনলে তাঁদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, নইলে নয়। তিনি বলেন, যে বেতন কাঠামো করা হয়েছে তাতে শ্রমিকদের বেতন যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে। অনেক মালিকের আপত্তি সত্ত্বেও এটা করা হয়েছিল। কিন্তু এখন যদি শ্রমিকদের দাবি অনুসারে বেতন কাঠামো সংশোধন করা হয় তাহলে লঞ্চ মালিকেরা ভাড়া বাড়িয়ে দেবে। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়বে।লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, শ্রমিকদের জন্য যে বেতন কাঠামো করা হয়েছে তাতে আমাদের লোকসান হচ্ছে। এর পরও যদি বেতন কাঠামো সংশোধন করতে হয়, তবে ভাড়া বাড়ানো ছাড়া মালিকদের কোনো উপায় থাকবে না।এদিকে ধর্মঘটের কারণে আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের পণ্য খালাস বন্ধ আছে। প্রসঙ্গত, নৌ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতন কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নিরাপত্তা বাড়ানো ইত্যাদি ২২ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন গত বছরের নভেম্বর এবং গত মার্চ মাসে নৌপরিবহন ধর্মঘট করে। ৩০ এপ্রিলের মধ্যে দাবি অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলে মার্চ মাসের ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত বৃহস্পতিবার নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। নৌপরিবহনমন্ত্রীর দাবি, বেতন ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু নৌযান শ্রমিক ফেডারেশন তা মেনে না নিয়ে বেতন কাঠামো সংশোধনের দাবিতে ধর্মঘট শুরু করে।