গোলাপে কাঁটা আছে, আবার ইলিশেও কাঁটা আছে। কাঁটা আছে কুলেও। কিন্তু কাঁটার ভয়ে তাদের ত্যাগ করার কথা ভাবাই যায় না। বরং কাঁটা আছে বলেই বোধ হয় এদের প্রতি আকর্ষণটাও একটু বেশি। গোলাপের মৌসুম প্রধানত শীত। তা বিদায় নিয়েছে। ইলিশের মৌসুম বর্ষা। সেটি সামনে অপেক্ষমাণ। এখন চলছে কুলের মৌসুম। ফলের বাজারে এখন নানা জাতের বিদেশি ফলের মধ্যে প্রধানত কুলই দেশি ফলের ধ্বজা উড়িয়ে স্বমহিমায় বিদ্যমান।আমাদের দেশে সারা বছরই কোনো না কোনো জাতের মৌসুমি ফল পাওয়া যায়। অবশ্য আম, জাম, কাঁঠাল, লিচুর মতো জনপ্রিয় ফলগুলো গ্রীষ্মেই পাওয়া যায় এবং পরিমাণেও প্রচুর। সে কারণে ফলের মৌসুম বলেও গ্রীষ্মের খ্যাতি রয়েছে। শীত থেকে গ্রীষ্মের শুরু অবধি তুলনামূলক ফলের উৎপাদন এবং বৈচিত্র্য কমে আসে। এই সময়টা দেশি ফলের অভাব মেটায় প্রধান দেশি টক বরই ও মিষ্টিকুল। মিষ্টিকুলের কথায় মনে পড়ছে সেই বহুল প্রচলিত ছড়াটি, ‘ইস্টিশনের মিষ্টিকুল/ সখের বাগান গোলাপ ফুল...।’বরইয়ের আদি নিবাস চীন দেশে বলে মনে করেন উদ্ভিদবিজ্ঞানীরা। তা হাজার চারেক বছর আগে। এ কারণে বরইয়ের ইংরেজি নাম Chinese date। পাকা বরই খেজুরের মতোই শুকিয়ে রাখা যায়। সে কারণেই খেজুরের সঙ্গে তুলনা। এর স্বাদ টকমিষ্টি। মরুভূমি থেকে বরফের দেশ, পৃথিবীজুড়েই বরইগাছের দেখা মেলে। অত্যন্ত কষ্টসহিষ্ণু। কণ্টকময় বৃক্ষ। বাঙালিকে বরইগাছ চেনাতে যাওয়া বিলক্ষণ বিড়ম্বনা। তাই সে চেষ্টা বাদ দেওয়া গেল।টকমিষ্টি গোল বরইয়ের চেয়ে কুল কি একটু অভিজাততন্ত্রের? অন্তত বাজারমূল্যে তা-ই। বরইয়ের কেজি যেখানে ৫০-৬০, সেখানে কুল ৮০-১২০ টাকা। তবে বাজারদর যা-ই হোক, আচার তৈরিতে বরইয়ের একচেটিয়া আধিপত্যে কুলের কৌলীন্য কোনো কাজেই লাগে না। কুলে আচার তো হয়ই না, টক-রান্না বা ডালের সঙ্গেও কুল অচল।কুলের ইংরেজি নাম Indian ber। নামেই বোঝা যাচ্ছে, এর আদি নিবাস ভারতে। তবে বরইয়ের মতো প্রপঞ্চব্যাপী এর প্রসার ঘটেনি। কুলের বিস্তার চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র আর আফ্রিকার শুষ্ক অঞ্চলে। জাতপাতের ভেদে কুলের বৈচিত্র্য কম নয়। ভারতে কুলের জাত দেড় শর বেশি। আমাদের দেশে সঠিক পরিসংখ্যান নেই। প্রচলিত জাতের মধ্যে আছে ‘নারিকেল কুল’। রাজশাহী, নওগাঁ, সাতক্ষীরা অঞ্চলেই এটি বেশি জন্মে। আকার লম্বাটে। দুই প্রান্ত সুচালো। শাঁস মিষ্টি, কচকচে। স্বাদের বিচারে এই নারিকেল কুলই শ্রেষ্ঠত্বের আসনে। এ ছাড়া কুমিল্লা অঞ্চলে ডিম্বাকৃতির একধরনের কুল হয়। এর চলতি নাম ‘ডাবা’ কুল। স্বাদ মিষ্ট-কষ মেশানো। আকারে বেশ বড়। চান্দিনা, বরুড়া, কচুয়া এসব এলাকায় প্রচুর জন্মে। ইদানীং ‘আপেল কুল’ জনপ্রিয়তার নিরিখে নারকেল কুলের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। আপেলের মতো রাঙা বর্ণ আর মিষ্ট স্বাদের এই কুল এখন বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে প্রচুর। এ ছাড়া উদ্ভাবিত জাতের মধ্যে ‘বাউকুল’ তার আকার-আকৃতি দিয়ে চমক সৃষ্টি করলেও পানসে স্বাদের কারণে রসনা তৃপ্ত করতে পারেনি। সে তুলনায় ঢাকা-৯০ নামের কুলটির বাজার ভালো। এসব কুলের বাণিজ্যিক চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।কৃষি অধিদপ্তরের তথ্য সার্ভিসের সূত্র থেকে জানা গেল, দেশে এখন সাড়ে চার হাজার হেক্টরের বেশি জমিতে বাণিজ্যিকভাবে কুলের চাষ হচ্ছে। বার্ষিক গড় উৎপাদন ১৫ হাজার মেট্রিক টনের বেশি। শুধু স্বাদেই নয়, পুষ্টিমানের বিচারেও কুল উপাদেয়। এতে প্রতি ১০০ গ্রামে ৫৫-৬১ মিলিগ্রাম ভিটামিন সি, ১১ মিলিগ্রাম ক্যালসিয়ামসহ বিভিন্ন খনিজ ও পুষ্টিকর খাদ্য উপাদান রয়েছে।বাড়ির পাশে কুলের গাছ—গ্রামবাংলায় একসময় ছিল খুবই সাধারণ দৃশ্য। পরিবারে দিনে দিনে লোক বাড়ায় ঘরবাড়ি ভাগাভাগি হয়েছে। জমিজমায় টান পড়ায় কাটা পড়েছে কণ্টকময় গাছটি। কিন্তু বরই ও কুলের প্রতি বাঙালির অনুরাগ তাতে কমেনি মোটেও।