ধানমন্ডি, শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকার মানুষ জিম্মি মামলা হলেও ব্যবস্থা নেয় না পুলিশ
চলছে নীরব চাঁদাবাজি
এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ করতে হলে আগে তাঁকে চাঁদা দিতে হবে। নইলে ভবন উঠবে না। কেউ ব্যবসা করতে চাইলেও চাঁদা দেওয়া ছাড়া উপায় নেই। আর যাঁদের দোকান বা প্রতিষ্ঠান আছে, তাঁদের মাসিক চাঁদার হার নির্ধারণ করে দেওয়া আছে।রাজধানীর ধানমন্ডি, শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকার অধিবাসী, ব্যবসায়ী এবং দোকানদারেরা এখন চাঁদাবাজির কাছে জিম্মি। তাঁদের অভিযোগ, স্থানীয় থানা-পুলিশ এমনকি সাংসদকেও বিষয়টি অনেকবার জানানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। উল্টো হয়রানি বেড়েছে।যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই হারুনুর রশিদ ওরফে তৈমুর নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করছেন। তবে ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতারা বলেছেন, তৈমুর আগে আওয়ামী লীগের কেউ ছিলেন না। কিছুদিন আগে তাঁকে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। মূলত এই পদ ব্যবহার করেই চাঁদাবাজি থেকে শুরু করে সব ব্যবসা তিনিই নিয়ন্ত্রণ করেন। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন আবুল, ফিরোজ, রেজা ও খোকন। তাঁদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় তিনটি চাঁদাবাজির মামলা হয়েছে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৈমুর সাংসদ শেখ ফজলে নূর তাপসের জন্য অনেকগুলো ব্যানার করে দেন। এসব ব্যানারের নিচে লেখা হয় সৌজন্যে: হারুনুর রশিদ তৈমুর। এভাবেই তিনি দ্রুত সাংসদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিতি পান। একসময় এলাকার সবকিছু নিয়ন্ত্রণ শুরু করেন।আতঙ্কের কারণে তৈমুরের বিরুদ্ধে এলাকার কোনো ব্যবসায়ী নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রিন্স প্লাজা ও মোহাম্মদিয়া সুপার মার্কেটের একাধিক দোকান মালিক প্রথম আলোকে জানিয়েছেন, প্রতি মাসেই তাঁদের নির্দিষ্ট হারে তৈমুরকে চাঁদা দিতে হয়। দোকানের আকার ও অবস্থান অনুযায়ী পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ টাকাও চাঁদা দিতে হয়। দেড় বছর ধরে এটাই এখানকার নিয়ম হয়ে গেছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। গত ২৫ জুলাই প্রিন্স প্লাজার সামনে আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ীকে তৈমুরের লোকজন মারধর করলে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তাঁরা সেদিন দোকান বন্ধ রেখে এলাকায় প্রতিবাদ করেন। স্থানীয় সাংসদের কাছে বিচার চেয়ে আবারও ধরনা দেন ব্যবসায়ীরা। ওই ঘটনার পর তৈমুরের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির তিনটি মামলা হয়। ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন দোকান থেকে চাঁদা নিয়ে যেত তৈমুরের লোকজন। আবার মাস শেষে টাকা দিতে হতো। এর সঙ্গে বকেয়া পাওনা তো আছেই। এলাকার সবাই তাঁর সব অনিয়ম, চাঁদাবাজির কথা জানে। সব দোকান থেকে তিনি চাঁদা নেন। কিন্তু কেউ কোনো কথা বলে না। সর্বশেষ আমি আমার বকেয়া টাকা চাইতে গেলে সবার সামনে আমাকে পেটায়। আমি থানায় গেছি। মামলা দিছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’সোবহানবাগ এলাকার একজন পুরোনো বাসিন্দা প্রথম আলোকে জানান, সোবহানবাগ ও শুক্রাবাদ এলাকায় কোনো আবাসিক ভবন নির্মাণ করতে হলে ভবনের দাম অনুযায়ী একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় তৈমুরকে। এক লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত তাঁকে চাঁদা দিতে হয়। কেউ এই টাকা না দিলে তিনি ভবনের কাজে হাত দিতে পারবেন না। এমনকি জোর করে তিনি একটি ফ্ল্যাটও দখল করে নিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন, ওই ফ্ল্যাটটি তিনি কিনেছেন। বেসরকারি একটি আবাসন কোম্পানির একজন মালিক প্রথম আলোকে জানান, সোবহানবাগ এলাকায় তাঁরা একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন। কিন্তু তৈমুরের লোকজন চাঁদার দাবিতে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এরপর তিন মাস কাজ বন্ধ রাখতে হয়। অবশেষে বড় অঙ্কের চাঁদা দিয়ে আবার কাজ শুরু হয়।৪০ বছর ধরে ওই এলাকায় থাকেন এমন একজন অধিবাসী প্রথম আলোকে বলেন, পৈতৃক জমিতে তাঁরা একটি ভবনের নির্মাণকাজ শুরু করলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তৈমুর। কিন্তু তিনি ওই টাকা দিতে রাজি না হলে প্রকৌশলীকে প্রকাশ্যে মারধর করেন তৈমুর। এরপর তৈমুর ওই ভবনের দখল নিয়েছেন।স্থানীয় লোকজনের অভিযোগ, শুধু চাঁদাবাজি নয়, তৈমুর ও তাঁর লোকজন এতটাই বেপরোয়া যে দিনের বেলায় প্রিন্স প্লাজার সামনে দাঁড়িয়ে যাকে-তাকে মারধর করে। সোবহানবাগ সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারের ভেতর নানা ধরনের ঠিকাদারি কাজ করেন তৈমুর। সম্প্রতি ধানমন্ডি বয়েজ হাইস্কুলের একজন শিক্ষককেও পেটায় তৈমুরের লোকজন। এ ছাড়া সংসদ ভবন এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণও করেন তিনি। স্থানীয় বিদ্যুৎ ও ওয়াসার অফিস নিয়ন্ত্রণ করেন তৈমুর। স্থানীয় সরকারি কার্যালয়ে গিয়ে নতুন সংযোগ পাওয়া না গেলেও তৈমুরের কাছে গেলে পানি ও বিদ্যুতের নতুন সংযোগ পাওয়া যায় বলে দাবি এলাকাবাসীর। পুলিশ বলছে তৈমুর পলাতক: শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকার একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, থানায় তৈমুরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয় না। তাঁর সঙ্গে থানার কর্মকর্তাদের সখ্য রয়েছে। প্রতি মাসে থানার কয়েকজন কর্মকর্তাকে নির্দিষ্ট টাকা তিনি দিয়ে থাকেন। ২৭ ও ২৮ জুলাই তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা হলেও এখনো তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে দুটি মামলার বাদী আবুল কালাম এবং একটি মামলার বাদী আবুল হাসান। এলাকাবাসী জানিয়েছেন, সর্বশেষ বুধবার রাতেও এলাকায় মহড়া দিয়েছেন তৈমুর ও তাঁর লোকজন। তবে পুলিশ বারবারই বলছে, তৈমুর পলাতক। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, তৈমুরের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির তিনটি মামলা হয়েছে। এসব ঘটনায় তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তৈমুর পলাতক। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের লোকজনও ক্ষুব্ধ: ধানমন্ডি থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তৈমুরের নানান কর্মকাণ্ডে এলাকাবাসী যেমন ক্ষুব্ধ, তেমনি দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংসদের কাছে অনুরোধ জানিয়েছি। আমাদের সাংসদ চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেন না। তাই তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।’তৈমুর বর্তমানে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। বর্তমানে তাঁর মুঠোফোন বন্ধ। একাধিকবার যোগাযোগ করলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, তৈমুরের ঘনিষ্ঠ ও তাঁর পরামর্শদাতা হিসেবে এলাকায় পরিচিত মনসুর। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তৈমুরের খোঁজ পাওয়া যাবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তৈমুরের সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার করেন মনসুর। তিনি বলেন, ‘তৈমুর যে ভবনে ফ্ল্যাট নিয়েছে সেই ভবনে আমারও একটি ফ্ল্যাট আছে। তাই মাঝে মাঝে দেখা হতো’। তৈমুর কিভাবে ফ্ল্যাট নিলো সে বিষয়ে মনসুর কোন কথা না বলে জমির মালিকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তৈমুরের আরেক সহযোগী প্রথম আলোকে বলেন, তৈমুরের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন অনেকেই। কিন্তু এখন বিপদ বুঝে কেউ থাকতে চাইছেন না। তৈমুরের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ঢালী বলেন, ‘এমপি সাহেব তাঁর সম্পর্কে সব জানেন। এখন থানা-পুলিশ ব্যবস্থা না নিলে আমরা কী করব? আমরাও তো তার কাছে অসহায়।’অনুসন্ধানে জানা গেছে, গত বছর কুষ্টিয়া থেকে সাদা রঙের একটি গাড়িতে করে ফেনসিডিল ও গাঁজা পরিবহনের সময় পুলিশের হাতে আটক হন তৈমুর। কিন্তু পরে প্রভাবশালীদের টেলিফোনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, সাংসদ ফজলে নূর তাপসের নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজিসহ সব কর্মকাণ্ড চালাচ্ছেন তৈমুর। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতারও একই অভিযোগ।এ বিষয়ে জানতে চাইলে সাংসদ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, ‘আমি কোনোভাবেই কোনো চাঁদাবাজি বা অপকর্ম সমর্থন করি না। কেউ যদি নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ড করতে চায়, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তৈমুরের বিরুদ্ধেও পুলিশকে ব্যাবস্থা নিতে বলা হয়েছে।’