চলছে যত্রতত্র পাটজাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা বর্ষায়ও রাজশাহীর বাগমারার ডোবা, নালা ও খালবিলে পানি না থাকায় যেখানে ন্যূনতম পানি পাচ্ছে কৃষকেরা, সেখানেই পাট জাগ দিতে বাধ্য হচ্ছে। ফলে দূষিত হয়ে পড়ছে পানি। চাষিদেরও পড়তে হচ্ছে বিপাকে। কৃষি বিভাগ রিবন রেটিং পদ্ধতি চালু করলেও প্রয়োজনীয় সংখ্যক মেশিন সরবরাহ না পাওয়া এবং কৃষকদের অনাগ্রহের কারণে পদ্ধতিটি তেমন সুফল বয়ে আনছে না। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারায় এবার এক হাজার ২৬০ হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। তবে চাষিরা পাটজাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় চাষিদের পাট জাগ দেওয়া নিয়ে ভোগান্তির চিত্র। চাষিরা উপযুক্ত জায়গা না পেয়ে বাড়ির পাশের কোনো ডোবা বা পুকুরেই পাট জাগ দিচ্ছে। গোয়ালকান্দি গ্রামের আফজাল হোসেন জানান, তাঁরা যেখানে গোসল করেন সেখানে পাট জাগ দেওয়া হয়েছে। এতে পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। তাঁদের গোসল করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন আফজাল হোসেন।কোনাবাড়িয়া গ্রামের পাশে এক জলাশয়ে লোকজন গোসল করত। পানি না পেয়ে সেখানে চাষিরা পাট জাগ দিয়েছে। অসংখ্য পাটের ভেলা ভাসতে দেখা যায় সেখানে। ওই এলাকা দিয়ে যেতেই পানি ও পাট পচার দুর্গন্ধ নাকে আসে। চাষিরা জানায়, নিরুপায় হয়ে তারা পাট জাগ দিয়েছে। তালঘরিয়া গ্রামের পাটচাষি আবদুল জব্বার জানান, পাট কেটে বিপাকে পড়েছেন। জাগ দেওয়ার মতো কোথাও পানি পাননি। পরে গভীর নলকূপ থেকে পানি কিনে এক ডোবায় পাট জাগ দিয়েছেন। এদিকে রিবন পদ্ধতি চালু করা হলেও চাষিদের মাঝে তেমন সাড়া নেই। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বাগমারায় এ পদ্ধতির জন্য ৫৭টি মেশিন রয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামারুজ্জামান জানান, মেশিনগুলো উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। চাষিরা জানায়, আরও বেশি মেশিন সরবরাহ করা উচিত। তা ছাড়া কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সেগুলো নিতে তাদের ভোগান্তির শিকার হতে হয়। মাধনগরের পাটচাষি আবদুল হামিদ, কসবার সালাম জানান, এই পদ্ধতিতে কম পানিতে পাট পচানো সম্ভব হলেও কষ্ট বেশি করতে হয়। তাই তাঁরা পানিতেই পাট জাগ দিয়ে আঁশ ছড়াচ্ছেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামারুজ্জামান বলেন, উপজেলার পাঁচ হাজার পাটচাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে চাষিদের মধ্যে এভাবে জাগ দেওয়ার আগ্রহ কম। কৃষি প্রকৌশলী সাইদুর রহমান জানান, পানি না পাওয়ায় চাষিরা যত্রতত্র পাট জাগ দিচ্ছেন। এতে কিছুটা সমস্যা হচ্ছে। কারণ পাট পচাতে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে হয়। এ জন্য যে পানিতে জাগ দেওয়া হয় তাতে দুর্গন্ধ হতে পারে।