চলতি অধিবেশনে সংসদে যেতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলতে সংসদের চলতি অধিবেশনেই যোগ দেওয়ার চিন্তা করছে বিএনপি। এ নিয়ে স্থায়ী কমিটি ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, সংসদে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে দলের অবস্থান জানাবে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকারসহ অন্য সাংসদেরাও এ বিষয়ে কথা বলবেন। চলতি অধিবেশনের শেষ দিকে খালেদা জিয়া সংসদে এ বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেওয়ার কথা ভাবছে। সেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের কথা সাংসদেরা তুলে ধরবেন। এই অধিবেশনে নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের বিষয়েও সাংসদেরা বক্তব্য দেবেন।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে বলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির অবস্থান হলো, সহিংসতা এড়িয়ে সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা। তাই সম্ভাব্য সব উপায় কাজে লাগানোর পক্ষে দলটি। ইতিমধ্যে এ নিয়ে সংসদের ভেতরে বা বাইরে যেকোনো স্থানে সরকারের সঙ্গে আলোচনায় তাঁরা প্রস্তুত বলে জানিয়েছেন।বিএনপির সাংসদ রেহানা আক্তার বলেন, সংসদে যোগ দেওয়ার বিষয়ে সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়। এখনো এ সভা আহ্বান করা হয়নি।বিএনপির নেতারা বলেছেন, এখন তাঁদের ধ্যান-জ্ঞানে কেবল ১২ মার্চের মহাসমাবেশ সফল করার বিষয়টি রয়েছে। তবে অধিবেশন ২৭ কার্যদিবস হলে বিএনপির চেয়ারপারসনসহ অনেক সাংসদের অনুপস্থিতি ৮০ দিন হবে। সংসদের এ অধিবেশন কিছুটা বাড়ানো হতে পারে। এসব দিক বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে অধিবেশনে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া সংসদে নির্দলীয় সরকারের দাবি তোলার ব্যাপারে সরকারের বক্তব্যের জবাবও দেওয়া হবে।