চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক বিল আনুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংলাপের যে ইঙ্গিত স্পিকার দিয়েছেন, তা যদি সরকারের ইঙ্গিত হয়ে থাকে, তাহলে চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল সংসদে আনুন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা ছাত্রদলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদীর নেতা খায়রুল কবির খোকনসহ আটক নেতাদের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ বিষয়ে জয়নুল আবদিন ফারুক রাষ্ট্রপতির উদ্যোগ কামনা করে বলেন, দেশের যে অবস্থা, এতে রাষ্ট্রপতির উচিত ছিল সমঝোতার ব্যবস্থা করা। এখনো সময় আছে, ব্যবস্থা নিন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়ন করার যে ঘোষণা দিয়েছেন, এর সমালোচনা করেন জয়নুল আবদিন ফারুক। ইনুর উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে মুখ বন্ধ করুন। মানুষের পক্ষে আসেন। নৌকায় চড়ে ফখরুল-মইনের পা ধরে যাঁরা সাংসদ হয়েছেন, তাঁদের মুখে এ ধরনের কথা মানায় না।’ বিএনপির কীভাবে আন্দোলন করা উচিত, তা আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বা কামরুল ইসলামের কাছে শিখতে হবে না বলে জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন।