চলতি অধিবেশনেই পরিবারে নিরাপত্তা দিতে নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শহরের ৬০ শতাংশ ও গ্রামের ৬১ শতাংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার। ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭’ ও আইসিডিডিআরবি’র পৃথক দুটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া আছে। নির্যাতনের শিকার নারীদের সুরক্ষা দিতে ফৌজদারি আইনসহ নারী-শিশু নির্যাতন দমন আইন, এসিড-সন্ত্রাসবিরোধী আইন বিদ্যমান। তার পরও পরিবারে সংঘটিত নির্যাতনের বিচার করতে তৈরি হচ্ছে নতুন আরেকটি আইন। ইতিমধ্যে এই আইনের খসড়া মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।আইনজ্ঞরা বলছেন, নারীর অধিকার রক্ষায় বিদ্যমান আইনগুলো পারিবারিক নির্যাতনের শিকার স্ত্রীকে সহায়তা দিতে অক্ষম বলেই এ উদ্যোগ নিতে হয়েছে। পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত নারীর ন্যায়বিচার নিশ্চিত করতে তৈরি হওয়া পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০০৯ চলতি অধিবেশনে আসছে বলে ইঙ্গিত দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।নারী বিষয়ে এতগুলো আইন থাকার পরও নতুন করে পারিবারিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আইনজীবীরা বলছেন, বিদ্যমান আইনে নির্যাতনের অভিযোগ তুলতে হলে কেবল যৌতুক, স্বামী কর্তৃক প্রহারের কারণে ক্ষতসহ কিছু সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ আনতে হয়। এসব আইনের মাধ্যমে পরিবারে নিত্যদিনের মারধর থেকে শুরু করে অন্য সদস্যদের দ্বারা নির্যাতন বা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার মতো বিষয়গুলোর বিচারের সুযোগ নেই। নতুন আইনের মাধ্যমে এই সুযোগটা তৈরি করা গেছে বলে জানান তাঁরা। নারী অধিকারকর্মী ও আইনটির খসড়া প্রণয়ন কমিটির সদস্যরা বলছেন, এতে করে নির্যাতনের শিকার বিবাহিত নারী তাঁদের অধিকার আদায়ের দাবি তুলে নিজেকে ও সন্তানকে সুরক্ষিত রাখতে পারবেন।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ জানান, আগে নারীরা নির্যাতনের শিকার হতো এবং তাদের ঘর থেকে বের করে দেওয়া হতো। এ আইনে নির্যাতনের শিকার নারীকে বাড়ি বা ঘরে রেখেই সুরক্ষা দেওয়া হবে। গৃহকর্মীদের এ আইনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে তিনি জানান।খসড়ায় বলা আছে, পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশু এ আইনের আশ্রয় নিতে পারবে। নির্যাতনের শিকার ব্যক্তি ও শিশুর ওপর নির্যাতন বন্ধে আদালত প্রথমত সুরক্ষা আদেশ জারি করবেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ, প্রতিপালন কর্মকর্তা ও নির্দিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হবে। সেদিক থেকে আইনটি অনেক বেশি সংহত বলে দাবি করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘পরিবারে নির্যাতনের শিকার হলে নারীরা কোথায় যাবেন, সে বিষয়ে কোনো আইনি দিকনির্দেশনা ছিল না। এখন যেকোনো ধরনের নির্যাতনের শিকার নারী নিজেকেসহ তাঁর সন্তানকে সুরক্ষা করার সুযোগ পাবেন। আশা করছি, চলতি অধিবেশনেই এ কাজ সম্পন্ন হবে।’আইন প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পারিবারিক নির্যাতন আইনের সংজ্ঞা, শাস্তি, মন্ত্রণালয় সবকিছু বিবেচনা ইতিমধ্যে শেষ হয়েছে। আইনটির ১০ নম্বর ধারার ২ উপধারা অনুযায়ী, নির্যাতনের শিকার কারও ক্ষেত্রে দেওয়া সুরক্ষা আদেশ লঙ্ঘিত হলে লঙ্ঘনকারী অনূর্ধ্ব ছয় মাস থেকে যেকোনো বর্ণনার কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে উল্লেখ আছে। ফলে নির্যাতনের বিচার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের সুরক্ষা নিশ্চিত করতেও এ আইন সক্ষম।আইনটির প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিদ্যমান আইনগুলোতে শুধু যৌতুকের কারণে নির্যাতন (১ নম্বর ধারা), ধর্ষণের শিকার এবং ১৬ বছরের কম বয়সী স্ত্রীকে নির্যাতনের বিচার ছাড়া অন্য কোনো নির্যাতনের বিচার বিষয়ে উল্লেখ নেই। থানাগুলো মারাত্মক জখমের ঘটনা ছাড়া মামলা নিতে চায় না। ফলে পারিবারিক নির্যাতনের শিকার নারীরা উপায় না দেখে বাধ্যতামূলকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুকসংক্রান্ত ধারায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেন। কিন্তু নির্যাতনের ধরনে মিল না পাওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত তাঁরা ন্যায়বিচার পেতেন না।আইনটি কার্যকর হলে নারীকে ঘর থেকে বের করে দেওয়া, অর্থনৈতিক সমর্থন বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো ঘটলে নির্যাতনের শিকার ব্যক্তির নিরাপত্তাদান সম্ভব হবে। মানবাধিকারকর্মীরা আইনটিকে সহিংসতা থেকে সুরক্ষার জন্য যথেষ্ট বলে মতামত জানিয়েছেন। কেন আইনটি প্রয়োজন প্রশ্নে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএল) সহসভাপতি ফাহিমা নাসরিন বলেন, ভরণপোষণ, অভিভাবকত্ব, দাম্পত্যজীবন পুনরুদ্ধার, তালাক ও দেনমোহরের মতো সমস্যায় নারীরা পারিবারিক আদালতের আশ্রয় নেন। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে স্ত্রীর ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিচার এই আদালতের এখতিয়ারবহির্ভূত। ফলে নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে কোথাও আইনি আশ্রয় নিতে না পারায় বিষয়গুলো মুখ বুজে সয়ে যাওয়ার রেওয়াজ আছে। এই আইনটি প্রণীত হওয়ার পর বিবাহিত নারী তাঁর প্রতি যেকোনো অনাচারের আইনি সুরক্ষা পাবেন। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, ‘আমাদের দেশের ৩৬ শতাংশ নারী-পুরুষ মনে করেন, কখনো কখনো স্বামীর কথা না শুনলে স্ত্রীকে পেটানো বৈধ। সে ক্ষেত্রে সংস্কৃতির আমূল পরিবর্তন এবং এ ধরনের আইন প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘খসড়াটি আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফসল। পারিবারিক সহিংসতাসংক্রান্ত ধারণাটির স্বীকৃতি পেতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে আমাদের।’উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে নানা পর্যায়ে সভা করে ২৮টি এনজিও, আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কোয়ালিশন গত জুনে এর একটি খসড়া হাজির করে। তারপর বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করে সব প্রস্তুতি শেষে ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় চূড়ান্ত হয়েছে। চলতি অধিবেশনে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০০৯ পাস হলে বিবাহিত নারীদের অধিকার অর্জনের পথ আরেক দফা প্রশস্ত হবে বলে আশা করছে সবাই।