চলতি অধিবেশনেই সংসদে যেতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারে প্রধান বিরোধী দল বিএনপি। শিগগির সংসদীয় দলের বৈঠক করে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল শুক্রবার এ ইঙ্গিত দিয়েছেন।বিরোধীদলীয় চিফ হুইপ গতকাল গুলশানে তাঁর বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে বলেন, দু-এক দিনের মধ্যে বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে। সেখানে সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এ সময় দলের যুগ্ম মহাসচিব মাহাবুবউদ্দিন খোকন ও আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।গত বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকের কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।জয়নাল আবদিন বলেন, ‘আমরা সব সময় সংসদে যেতে চেয়েছি। এ জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছি। কিন্তু বিএনপি যখন সংসদে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তখনই সরকার বৈরী পরিবেশ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’ তিনি জানান, সংসদের সামনের সারিতে বিএনপির সদস্যদের আসন আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্পিকার। এই আশ্বাস পূরণে স্পিকার যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতের সমন ২৬ জানুয়ারি গভীর রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাসায় পাঠানোর প্রতিবাদ জানান জয়নাল আবদিন। তিনি বলেন, এত রাতে সাবেক প্রধানমন্ত্রীর বাসায় সমন পাঠানো অমর্যাদাকর। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে মহাজোট ক্ষমতায় এলেও গণতন্ত্রের স্বার্থে বিরোধী দল হিসেবে বিএনপি প্রথম অধিবেশনেই সংসদে যোগ দিয়েছিল। কিন্তু সরকারের অগণতান্ত্রিক একদলীয় আচরণে সংসদ থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তাঁরা।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা হয়রানির শিকার হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের ব্যাপারেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে না। সরকারি দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও বিরোধী দলের বেলায় প্রত্যাহার করা হচ্ছে না। বরং নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।বর্তমানে নবম সংসদের চতুর্থ অধিবেশন চলছে। বিএনপি প্রথম অধিবেশনে যোগ দেওয়ার পর আর সংসদে যায়নি। টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হওয়ার বিধান আছে। বিএনপি সর্বশেষ সংসদে যাওয়ার শর্ত হিসেবে বিরোধী দলের সদস্যদের জন্য সামনের সারিতে আসন বৃদ্ধি, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১০ দফা দাবি দিয়েছে। ১০ জেলায় তৃণমূল সম্মেলন হবেবিএনপি ১০টি জেলায় তৃণমূল সম্মেলনের আয়োজন করছে। দলের কেন্দ্রীয় নেতারা জানান, আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট থেকে এ সম্মেলন শুরু হবে। পর্যায়ক্রমে খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বগুড়া, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও মূলত বক্তা থাকবেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও পেশাজীবীরা।বিএনপির সূত্র জানায়, বিএনপির জেলা কমিটির নেতারা, উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তৃণমূল সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। এসব সম্মেলন তত্ত্বাবধানের জন্য চারজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার ও এম ইলিয়াস আলী।আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তৃণমূল সম্মেলনের খুঁটিনাটি জানাবেন কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে, পাঁচ বছর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি মজবুতের যে কৌশল নিয়েছিলেন, সেই আদলেই বিএনপির নীতিনির্ধারকেরা এই সম্মেলনের আয়োজন করছেন। সম্মেলনে বর্তমান সরকারের ব্যর্থতা কীভাবে সামনে এনে বিএনপিকে আরও শক্তিশালী করা যায়, সেই কৌশলই জানানো হবে।