চলতি অর্থবছরের শেষে মেট্রোরেলের নির্মাণ শুরু
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরা থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ চলতি অর্থবছরের শেষে শুরু হতে পারে।একই সময়ে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটেরও (বিআরটি) নির্মাণকাজ শুরু হবে বলে মন্ত্রী জানান।আজ রোববার রাজধানীর নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক সম্প্রতি হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত বিআরটির সম্ভাব্যতা জরিপ শেষ করেছে। এই প্রতিবেদন ২ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রতিবেদনটি প্রকাশের পর এর ওপর আলোচনার ভিত্তিতে এই রুটের নির্মাণকাজ শুরু করা হবে। অন্যদিকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি নির্মাণে অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই রুটেরও সম্ভাব্যতা জরিপের কাজ শেষ হয়েছে।যোগাযোগমন্ত্রী বলেন, উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় হবে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। এতে জাইকা দেবে ১৬ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ছয় হাজার ৫০০ কোটি টাকা।ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী সড়ক দুর্ঘটনা হ্রাস এবং যানজট নিরসনে সবার সহযোগিতা কামনা করেন।