চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ
নানা বিতর্ক থাকলেও চলতি ২০০৯-১০ অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে ৬ শতাংশ। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো বিশ্বমন্দা ও বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উত্পাদন ব্যাহত হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন, তাতে তিনি চলতি বছরের প্রবৃদ্ধি ৬ শতাংশ হিসাবে প্রাক্কলন করেছেন।অর্থমন্ত্রী বলেন, চলতি বছর মন্দায় বিশ্বের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের সম্মুখীন হয়। তবে বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। যদিও ঘুরে দাঁড়ানোর এ প্রক্রিয়াটি চলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গতিতে।অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোয় যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এপ্রিল মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। কৃষির যে তথ্য রয়েছে, তাতে আমন ও বোরোতে প্রবৃদ্ধি এবং আলু ও ভুট্টার অতিরিক্ত ফলন আশা করা যাচ্ছে। অন্যান্য কৃষিপণ্য এবং মাছ-মাংসের উত্পাদন বেশি হচ্ছে। বেসরকারি খাতে ব্যাংক ঋণ বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ, মেয়াদি শিল্পঋণের প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া কৃষি ও এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণপ্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশের কাছাকাছি। অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ঋণপত্র (এলসি) খোলার ভিত্তিতে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি যথাক্রমে ৫৪ ও ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।তবে অর্থমন্ত্রী স্বীকার করেন, ‘দুটি খাতে আমাদের দুবর্লতা পরিলক্ষিত হয়েছে। আমরা জানি বিদ্যুত্ ও জ্বালানি খাতে সরবরাহ বাড়ালেও ক্রমবর্ধমান চাহিদা আমরা মেটাতে পারছি না।’এ ছাড়া জনশক্তি রপ্তানি ২০০৬ সাল পূর্ববর্তী ধারায় বাড়লেও ২০০৭, ২০০৮ এমনকি ২০০৯ সালের তুলানায় কমেছে। এসব বিবেচনা করে অর্থমন্ত্রী প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছেন।