চলতি বছরই সব মার্কিন সেনা ইরাক ছাড়বে: ওবামা
চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে এক ব্যক্তিগত ভিডিও কনফারেন্স শেষে হোয়াইট হাউসে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।ওবামা বলেন, ‘প্রায় নয় বছর পর ইরাকে মার্কিন অভিযান শেষ হবে।’এ প্রসঙ্গে ওবামা আরও বলেন, ‘কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে ইরাক ও যুক্তরাষ্ট্র পূর্ণ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন সেনারা মাথা উঁচু রেখেই ইরাক ছাড়বে।’ যুক্তরাষ্ট্র ২০১০ সালে ইরাকে আনুষ্ঠানিক সেনা অভিযান সমাপ্ত এবং ২০১১ সালের শেষ নাগাদ পুরো সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি প্রশিক্ষণের জন্য ইরাকে পাঁচ হাজার মার্কিন সেনা রাখতে শর্তসাপেক্ষে একটি প্রস্তাব দিয়েছিলেন। শর্তটি ছিল, এই সময়ে প্রশিক্ষক সেনারা তাঁদের অপরাধের জন্য কোনো দায়মুক্তি পাবেন না। তবে যুক্তরাষ্ট্র এই শর্ত প্রত্যাখ্যান করে।ইরাকে বর্তমানে প্রায় ৩৯ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ২০০৩ সালের মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে চার হাজার ৪০৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।