২০১০ সালের প্রথম আট মাসে ৫৮৫টি বেসরকারি সাহায্য সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধন বাতিল করা এসব এনজিওর তালিকা এনজিও-বিষয়ক ব্যুরোর ওয়েবসাইটে দেওয়া আছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত মোট ৬৪১টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৫৬টির নিবন্ধন বাতিল করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এনজিওগুলো সেবার নামে বাণিজ্য করছে কি না, সে ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ঢাকার নিমতলী অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়ির ভবন ধসের পর প্রায় ২০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০১ জনকে মোট ৯১ লাখ ৫০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।