ওয়ান গোল। একটা লক্ষ্য। ফুটবলের গোল। লক্ষ-কোটি মানবসন্তানের জন্য জীবন পাল্টে দেওয়ার আহ্বান। ফুটবলের গোলটি হয়েছে ১১ জুন ২০১০। বাংলাদেশ সময় রাত নয়টা ৪০ মিনিটে আমার একটি প্রিয় প্রত্যাশা পূর্ণ হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার শাবালালা খেলার ৫৫ মিনিটের সময় গোলবক্সের মধ্য থেকে উনিশতম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোল করে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার গৌরব আমাকে দান করেছেন।উনিশতম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোলটি উত্সর্গ করা হয়েছে শিক্ষার জন্য। শিক্ষার সুযোগবঞ্চিত বিশ্বের লক্ষ-কোটি মানবসন্তানের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যকে সামনে নিয়ে একটি জুতসই স্লোগানও তৈরি করা হয়েছে—‘সবার জন্য শিক্ষা’। আগে জানতাম না, সেদিনই জানা হলো যে, আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা সম্মেলনের ঘোষণার দশম বর্ষ পূর্তি হচ্ছে এ বছর। আর এবারের বিশ্বকাপ ফুটবলের আসরটিও যেহেতু আফ্রিকার মাটিতে বসছে, সে কারণেই শিক্ষাপথের প্রতিবন্ধকতাসমূহ অপসারণে ডাকার-ঘোষণা বাস্তবায়নের বিষয়টি সংশ্লিষ্ট মহলের নীতিনির্ধারকদের সুনজরে পড়েছে। প্রথমবারের মতো আফ্রিকার মাটিতে বিশ্বকাপ ফুটবলের আসর বসার কারণে এটি আমাদের সকলের জন্যই এক উপরি পাওয়া হলো। কোনো মহৎ কর্মসাধনের জন্য বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বকাপ ফুটবলের বিশ্বজনঘনিষ্ঠতাকে এ রকম সুন্দরভাবে আগে কখনো ব্যবহার করা হয়েছে বলে আমার মনে পড়ছে না। টিভি-সম্প্রচারের কারণে ১৯৭৮ সাল থেকে বিশ্বকাপ ফুটবল দেখে আসছি। প্রথম গোলটির জাল স্পর্শ করার নয়নমনোহর দৃশ্যটিও প্রাণ ভরে দেখেছি নিশ্চয়। কিন্তু উনিশতম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোলটি প্রতিপক্ষের জাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেভাবে আমার মনকেও স্পর্শ করল, তেমনটি আর আগে কখনো করেনি। অন্তত আমার স্মৃতিতে সে রকম কোনো ছবি নেই। বিশ্বকাপ ফুটবলের আসরের প্রথম গোলটি যে বিশেষভাবে বিশেষ কারণে লক্ষণীয় হতে পারে—সেটি কখনো আমার মনেই আসেনি। চলমান বিশ্বকাপটি হচ্ছে টিভি পর্দায় আমার নিজের চোখে দেখা নবম বিশ্বকাপ। ইন্টারনেট বা অন্তর্জাল ঘেঁটে নিশ্চয়ই বলা যাবে বিগত বিশ্বকাপ আসরসমূহে হওয়া প্রথম গোলটির জন্মকথা। আগ্রহীরা সহজেই তা জেনে নিতে পারবেন। আমি শুধু প্রথম বিশ্বকাপের প্রথম গোলটির কথা অন্তর্জালসূত্র থেকে জেনে আপনাদের অবগতির জন্য পেশ করছি। বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন ফ্রান্সের লুসিয়ঁ লর্যাঁ (Lucien Laurent), ১৯৩০ সালের ১৩ জুলাই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে। আমাদের চোখ ফসকে বেরিয়ে যাওয়া সেই গোলগুলো সম্পর্কে জানার আগ্রহ জাগ্রত করার জন্যও আমি চলতি বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষাবিস্তারে যথাসাধ্য ভূমিকা রাখার বিষয়টিকে আমার শেষজীবনের পুণ্যব্রত হিসেবে গ্রহণ করেছি বলে এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের এই শিক্ষাবান্ধব সিদ্ধান্তটিকে আমি অন্তর থেকে স্বাগত জানিয়েছিলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, দীর্ঘ প্রতীক্ষার অবসানে কখন শুরু হবে বিশ্বকাপ, কখন বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলটি হবে। দেখার অপেক্ষায় ছিলাম, ইতিহাস সৃষ্টিকারী সেই গোলটি কোন দলের পক্ষে কে করেন। ঈশ্বরের কৃপায় আজ, ১১ জুন ২০১০, বাংলাদেশ সময় রাত নয়টা ৪০ মিনিটে আমার সেই প্রিয় প্রত্যাশাটি পূর্ণ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার ক্ষিপ্রগতিসম্পন্ন স্ট্রাইকার শাবালালা (Tshabalala) খেলার ৫৫ মিনিটের সময় গোলবক্সের নাকবারান্দার বাঁ কোণ থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শটে মেক্সিকোর গোলরক্ষককে পরাভূত করে উনিশতম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোল করার দুর্লভ কৃতিত্ব অর্জন করেছেন। চলতি বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম গোলটি মেক্সিকোর কোনো স্ট্রাইকারও করতে পারতেন। খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে, প্রথম গোলটি দেখার জন্য আমাদের দ্বিতীয় খেলাটির (ফ্রান্স বনাম উরুগুয়ে) অপেক্ষায় থাকতে হতো। আফ্রিকার বিদ্রোহী কবি বেঞ্জামিন মলয়েসের ভাই শাবালালা সে রকম অপেক্ষার কষ্ট আমাদের বইতে দেননি। আর প্রথম গোল করার কৃতিত্বটিও তিনি কোনো নন-আফ্রিকানের সাদা পায়ে ঠেলে দেননি। ধন্যবাদ শাবালালা। আপনাকে অনেক ধন্যবাদ। আমার গ্রামে প্রতিষ্ঠিত স্কুল কাশবন বিদ্যানিকেতনের দেয়ালে আপনার নাম লেখা থাকবে। কামরাঙ্গীরচর, ১২ জুন ২০১০