চলতি মাসে ৭২ নারী শ্রমিক হংকং যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের শেষ সপ্তাহে ৭২ জন নারী শ্রমিকের প্রথম একটি দল হংকংয়ে যাবে। গৃহকর্মী হিসেবে ওই নারী কর্মীরা মাসে ৫০৫ মার্কিন ডলার বেতন পাবেন।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ওই ৭২ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন তাঁদের ভিসার প্রক্রিয়া চলছে। হংকং যেতে এই নারীদের মাথাপিছু এক হাজার ৪০০ মার্কিন ডলার খরচ হবে। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে তাঁরা এই টাকা ঋণ হিসেবে নিতে পারবেন অথবা তাঁদের বেতন থেকে পরে এই টাকা সমন্বয় করে নেওয়া হবে।বাংলাদেশ সরকারের সঙ্গে হংকংয়ের টেকনিক এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টারের চুক্তির আওতায় সে দেশে এই নারী শ্রমিকদের পাঠানো হবে। বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এস এ ট্রেডিং এই কর্মীদের বাছাই করেছে। টেকনিক এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টারের পরিচালক কেভিং অং সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে নারী শ্রমিক নেওয়ার জন্য তাঁরা সরকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। এর আওতায় প্রতি মাসে ২০০ জন নারী শ্রমিককে হংকংয়ে নেওয়া হবে। তবে এর আগে তাঁদের ক্যান্টরিন ভাষা ও রান্নাসহ বিভিন্ন বিষয় শেখানো হবে।সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালক শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।