চলতি শিক্ষাবর্ষ থেকে যশোর মেডিকেল কলেজের যাত্রা শুরু
চলতি শিক্ষাবর্ষ (২০১০-২০১১) থেকে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে যশোর মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে। অপেক্ষমাণ মেধা তালিকা (ওয়েটিং লিস্ট) থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম কামরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদনপত্র কলেজের অধ্যক্ষ এনায়েত করিমের হাতে এসে পৌঁছায়।অধ্যক্ষ এনায়েত করিম প্রথম আলোকে জানান, যশোর সদর উপজেলার বিলহরিণায় মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে একাডেমিক ভবন নির্মাণের কাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভবন নির্মাণের সময় যশোর জেনারেল হাসপাতালের ক্যাম্পাসে কলেজের শিক্ষা কার্যক্রম চালানো হবে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অনুমতিপত্র পাঠানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আগামী জানুয়ারি মাস থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। এর আগে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য লোকবল নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘যশোর মেডিকেল কলেজ স্থাপনের জন্য ২৫০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরই মধ্যে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যশোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দু-একদিনের মধ্যে নির্মাণকাজ শুরু করবে। কাজ শুরুর এক বছরের মধ্যে তা শেষ করার কথা দরপত্রের শিডিউলে উল্লেখ করা হয়েছে।’