পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে সরকার। চলতি সপ্তাহে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করবেন।এ সময় অর্থ মন্ত্রণালয়ের তৈরি করা আলাদা একটি সংক্ষিপ্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে। এতে দেশের পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এ তিন ধরনের পদক্ষেপের কথা বলা থাকবে বলে সূত্র জানায়।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্ষিপ্ত প্রতিবেদনটি তৈরি করে ইতিমধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশের সময় দুই থেকে তিন পৃষ্ঠার একটি লিখিত বিবৃতি দেওয়ারও কথা রয়েছে অর্থমন্ত্রীর।সূত্র জানায়, প্রতিবেদনটি মুদ্রিত আকারে দেওয়া হবে। আবার সিডিতে কপি করেও প্রকাশ করা হতে পারে।কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটি ৭ এপ্রিল সকালে অর্থমন্ত্রীর বাসায় গিয়ে এ প্রতিবেদন জমা দেয়। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় যে প্রতিবেদনটি তৈরি করেছে, তাতে খোন্দকার ইব্রাহিম খালেদের কমিটির প্রতিবেদনের কিছু সুপারিশ রয়েছে। অর্থ মন্ত্রণালয় নিজেও কিছু সংযোজন করেছে এতে।স্বল্পমেয়াদি পদক্ষেপের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পুনর্গঠনের কথা বলা হয়েছে। এর মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এ সংস্থায় চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশন গঠন করার কথা রয়েছে এবং এখন থেকে কমিশনে অবশ্যই আর্থিক বিশ্লেষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকবেন।উল্লেখ্য, কমিশনের বর্তমান কাঠামোতেও চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কথাই বলা রয়েছে। কিন্তু এসইসি গঠনের পর থেকে কোনোবারই তা পূরণ করা হয়নি।মধ্যমেয়াদি পদক্ষেপের মধ্যে রয়েছে, স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন। অর্থাৎ ব্যবস্থাপনা থেকে মালিকানাকে আলাদা রাখা। যুক্তি হিসেবে বলা হয়েছে, এটি না হলে স্বার্থের সংঘাত থেকে যাবে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।আর দীর্ঘমেয়াদি পদক্ষেপের মধ্যে রয়েছে বিভিন্ন আইনকানুনের সংশোধন। আইন না থাকার কারণে অনেক ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা যায় না। তাই ১৯৯৩ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশসহ সব আইনেই প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু বিষয়ে পুনঃ তদন্ত করবে সরকার। কারণ, সরকারের মনে হয়েছে, আইনি দুর্বলতার কারণে অনেক বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি প্রতিবেদনে। গত বুধবার অর্থমন্ত্রীও কিছু বিষয় নিয়ে পুনঃ তদন্তের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।জানা গেছে, এক সপ্তাহ ধরে খোন্দকার ইব্রাহিম খালেদের কমিটির প্রতিবেদনের নানা দিক বিশ্লেষণ করছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে প্রতিবেদনের কিছু দুর্বলতাও মন্ত্রণালয়ের নজরে এসেছে। উদাহরণ দিয়ে একজন কর্মকর্তা বলেন, ‘পর্যবেক্ষণে নেই অথচ সুপারিশে এসেছে বা পর্যবেক্ষণে এসেছে কিন্তু কোনো সুপারিশ করা হয়নি—এমন কিছু বিষয় রয়েছে প্রতিবেদনে।’জানা গেছে, প্রতিবেদনের ‘দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য ও বিশেষ পর্যবেক্ষণ’ শীর্ষক অধ্যায়টিকে বিশেষ আমলে নিচ্ছে মন্ত্রণালয়। এতে এসইসি আইনের ১৭ (ই) ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। ধারাটি লঙ্ঘনের মানে হলো ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়া।এদিকে, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন মুদ্রণ করা হচ্ছে বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিষয়টি নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়া হবে বলেও তিনি জানান।গতকাল সোমবার রাজধানীর এসইসি সম্মেলনকক্ষে সংসদীয় কমিটির চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, সংসদীয় কমিটির চেয়ারম্যানরা জনপ্রতিনিধি হিসেবে শেয়ারবাজারের প্রতিবেদনটি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাঁরা ৩১ লাখ বিনিয়োগকারীর জড়িত থাকার বিষয়টি খেয়াল রাখার কথাও বলেন। মুহিত বলেন, ‘আসলে ৩১ লাখ বিনিয়োগকারীর বিষয়টি সত্য নয়। ২০০১ সালে আমারও দুটি বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাব ছিল। কিন্তু লেনদেন করিনি। সচল বিও হিসাবধারী বড়জোর ১০ লাখ হতে পারে। বাকিগুলো অকার্যকর বিও হিসাব।’এক প্রশ্নের জবাবে আগামী অর্থবছরের (২০১১-১২) বাজেটের আকার চলতি অর্থবছরের আকার থেকে ৩০ হাজার কোটি বেশি হবে বলে জানান অর্থমন্ত্রী।