চলনবিল ভরাট করে আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার কাটাপুকুরিয়া ও দমদমা মৌজায় চলনবিলের ১০ বিঘা জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে নাটোর-বগুড়া মহাসড়কের একটি বড় সেতু দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের পাশের সরকারি জমি দখল করে প্রকল্পের নিজস্ব রাস্তা নির্মাণ করা হয়েছে। এ সবকিছুই হচ্ছে প্রশাসনের চোখের সামনে। প্রশাসনের লোকজন বলছেন, এ ব্যাপারে তাঁরা অসহায়।সকালে সিংড়ার কাটাপুকুরিয়া ও দমদমা মৌজার চলনবিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের ১০০ ফুট দৈর্ঘ্যের সেতুর সামনে ড্রেজার দিয়ে বালু উঠিয়ে ১০ বিঘা জলাশয় ভরাট করা হয়েছে। চলনবিলকে বিভক্ত করা নাটোর-বগুড়া মহাসড়ক ঘেঁষে ভরাট করা এই জায়গায় আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে কর্মরত লোকজন জানান, আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কোনো নাম প্রকাশ করা হয়নি। তবে এলাকার লোকজনের কাছে এটা মোহাম্মদ হাউজিং নামে পরিচিত হয়ে উঠেছে। এই প্রকল্পে ৩০টি প্লট বরাদ্দ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্লটের আকৃতিও ঠিক করা হয়েছে। প্রতিটি প্লটে ৩ থেকে ৭ শতাংশ করে জমি রয়েছে। ইট দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে।এলাকাবাসী জানান, বিলের মধ্যে আবাসন তৈরির কথা কেউ চিন্তা করেনি। অনেকটা হঠা ৎ করে রাজ্জাক খামারু নামের এক ব্যক্তি গত জুন থেকে চলনবিলের জলাশয় ভরাট করে আবাসন প্লট তৈরি শুরু করেন।প্রকল্পের অংশীদার রাজ্জাক খামারু বলেন, ‘সিংড়া পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী ও আমি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছি। চলনবিলের মধ্যে অবস্থিত হওয়ায় সিংড়ায় পৌরসভায় আবাসন সমস্যা প্রকট। তাই স্বল্প খরচে আবাসন তৈরির জন্য আমরা ব্যক্তিমালিকানাধীন জমি কিনে আবাসন প্রকল্প তৈরি করছি। আমরা তো কোনো সরকারি জমি দখল করিনি। আমাদের নিজের জায়গা উন্নত করে আমরা মানুষের কাছে বিক্রি করছি। এর জন্য কারও কাছে অনুমতি নিতে হবে কেন?’রাজ্জাক খামারু আরও বলেন, ‘আমাদের এই ব্যবসার কোনো লাইসেন্স নাই। আমরা কেবল কাজ শুরু করেছি।’ সওজের জমি দখল করে রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, ‘ওই জমিটুকু আমরা সওজের কাছ থেকে ইজারা নিয়েছি।’সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজি বলেন, ‘প্রকল্পটির জন্য পৌরসভার কোনো অনুমোদন নেওয়া হয়নি। এমনকি আমাদের কাছে অনুমোদন চেয়ে কোনো চিঠিও দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আমরা সরকারের বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ করেছি। আমাদের নিজস্ব কোনো বিচারিক ক্ষমতা নাই। ম্যাজিস্ট্রেট ও পুলিশ চেয়েও পাওয়া যায় না। তাই নীরবে সবকিছু সহ্য করছি। তবে এটা জলাধার সংরক্ষণ আইন-২০১১ এর সুস্পষ্ট লঙ্ঘন।’নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘আমরা বহুবার লিখিতভাবে বিষয়টি প্রকল্পের মালিকদের জানিয়েছি। তাঁরা কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও কোনো পদক্ষেপ নেননি। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সাংসদ জুনাইদ আহম্মেদকে জানিয়েছি। তাতেও কোনো সুরাহা হয়নি। আমরা অনেকটা অসহায়।’সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল বারী বলেন, ‘অন্যায়ভাবে সেতু বন্ধ করে হাউজিং প্রকল্পটি করা হচ্ছে। এতে চলনবিলের পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আমরা তাঁদের স্থাপনা না করার জন্য বলেছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সওজ কর্তৃপক্ষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।’