চলনবিলে বর্ষায়ও পানি নেই
চলছে ভরা বর্ষা। কিন্তু সিরাজগঞ্জ জেলাসহ চলনবিলে নেই পানি। এলাকার বেশির ভাগ জায়গা এখন মরুভূমি। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের শেষের দিক এলেও কোথাও বৃষ্টির দেখা নেই। তাই এবারের বোনা আমন ধান এখন পানির পরিবর্তে রোদের মধ্যে রয়েছে। এই ধান এখন মানুষের পরিবর্তে গরু-ছাগল খাচ্ছে। সিরাজগঞ্জের নয়টি উপজেলা ও চলনবিলের তাড়াশ উপজেলায় পানির অভাবে সদ্য বোনা আমন ধানের জমি শুকিয়ে গেছে। বাকি যেসব জমি পানিতে নিমজ্জিত আছে, তা কিছুদিনের মধ্যেই শুকিয়ে যাবে। যে কারণে এই এলাকার কৃষকেরা বোনা আমনের জমি পুনরায় চাষ করে সেচের ব্যবস্থা করে রোপা আমনের আবাদের দিকে ঝুঁকে পড়ছেন। এতে কৃষকদের গচ্চা দিতে হচ্ছে লাখ লাখ টাকা। কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জেলার উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ, চৌহালী এলাকায় একসময় ব্যাপক বোনা আমনের চাষ হতো। জলবায়ুর পরিবর্তনের কারণে এই আবাদ বন্ধ হতে বসেছে। সেই সঙ্গে মাছের তীর্থস্থান হিসেবে খ্যাত এই চলনবিল এখন মাছশূন্য। পানির অভাবে মাছের ডিম ও রেণু মরে যাচ্ছে। মাছের উৎপাদন ক্রমেই নিম্নগতি হচ্ছে।সরেজমিনে জেলার বিভিন্ন গ্রামে এমন চিত্রই দেখা গেছে। পার্শ্ববর্তী চলনবিলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে একই কথা জানা যায়। উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম জানান, তিনি ২৫ বিঘা জমিতে বোনা আমনের আবাদ করেছিলেন। শুকিয়ে যাওয়ায় এখন গরু দিয়ে খাওয়াচ্ছেন। এখন তিনি ওই জমিতে চাষ দিয়ে রোপা আমনের আবাদ করবেন।তাড়াশ উপজেলার বারুহাস এলাকার কৃষক সোবাহান বলেন, ‘এ সময় আমাদের বোনা আমানের জমিতে পানি থাকত। এই পানির মধ্যে আমরা মাছ মেরেছি। এখন সেই জমিও নেই, মাছও নেই। এভাবে যদি আর কয়েক বছর চলতে থাকে, তা হলে এই চলনবিল এলাকা থেকে দেশীয় প্রজাতির ধান ও মাছ সবই শেষ হয়ে যাবে।’সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. সফিউর রহমান বলেন, বোনা আমনের ক্ষতি কিছুটা হলেও কৃষকেরা রোপা আমন আবাদ করে পুষিয়ে নিতে পারবেন। কিন্তু এই বৈরী আবহাওয়ার কী হবে। অত্যধিক সেচযন্ত্র ব্যবহার হওয়ায় পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। অনেক জাতের ধানের আবাদ না হওয়ায় বীজও সংরক্ষণ করা সম্ভব না হওয়ায় সেগুলো বিলুপ্তির দিকে ধাপিত হচ্ছে। ইতিমধ্যেই দেশীয় আটটি জাতের ধান বিলুপ্ত হয়ে গেছে। এবার জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে বোনা আমনের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছিল ২০ হাজার হেক্টর। এখন এর প্রায় সিংহভাগ ধান নষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে প্রতিবছর এ সময় রোপা আমনের লক্ষ্যমাত্রা অনেক বেশি অর্জিত হওয়ার কথা থাকলেও পানির কারণে তা হয়নি। মোট লক্ষ্যমাত্রা ৬১ হাজার হেক্টর থাকলেও এ পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ২১ হাজার হেক্টর। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান বলেন, দুই বছর ধরে চলনবিল পানিশূন্য হয়ে পড়ছে। আর এ প্রভাব জেলার সব উপজেলায় ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে নেই বৃষ্টি। মাছ যে সময় ডিম পাড়ে, সে সময় পানি থাকছে না। এবার কৃষকেরা তাঁদের বোনা আমন ধানের আবাদ করতে না পেরে এই এলাকার আট হাজার হেক্টর জমির ধানই নষ্ট হয়ে যাবে। আবহাওয়ার এই পরিবর্তনে যে প্রভাব পড়ছে, তার সঙ্গে খাপ খাওয়াতে চিন্তাভাবনা করে এগোতে হবে।