চলনবিলে বিকশিত নতুন প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন খলিলুর রহমান। স্বপ্ন ছিল স্বাধীন বাংলায় রোগ-শোক ও ক্ষুধামুক্ত, শিক্ষিত একটি জাতি গড়ে উঠবে। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন যেন কিছুটা ধাক্কা খায়। কিন্তু পিছিয়ে যাননি পেশায় চিকিৎসক এই খলিলুর রহমান। এগিয়ে এসেছেন নিজেই।প্রচেষ্টার অংশ হিসেবেই ১৯৯৭ সালে ব্যক্তিগত উদ্যোগ আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নিজের গ্রাম নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে গড়ে তোলেন ‘চলনবিল হাসপাতাল’। এতে প্রত্যন্ত এই জনপদের চিকিৎসাসেবা অনেকটাই নিশ্চিত হয়। কিন্তু বিকাশ হচ্ছিল না নতুন প্রজন্মের মেধা ও মননের। কারণ, ওই জনপদের সাধারণ শিক্ষার্থীরা ক্লাসের পড়াশোনার বাইরে বই বা পত্রিকা পড়ার কোনো সুযোগই পেত না। এতে ওরা পিছিয়ে পড়ছিল প্রতিযোগিতায়। এই বাধা দূর করতেই মানবিক মূল্যবোধে উজ্জীবিত ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ প্রজন্ম গড়তে একটি প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেন খলিলুর রহমান। সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যে গড়ে তোলেন ‘চলনবিল মেধাবিকাশ ফাউন্ডেশন’।এর আগে খলিলুর রহমানের প্রতিষ্ঠিত চলনবিল হাসপাতাল নিয়ে ২০০৯ সালের ১০ অক্টোবর প্রথম আলোয় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। গত ২৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় তিনি সেই হাসপাতাল প্রতিষ্ঠা ও সেবা-কার্যক্রম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। যা ‘চলনবিল হাসপাতাল’ শিরোনামে প্রকাশিত হয়।শুরুর কথা: ২০০৪ সালের জানুয়ারির কোনো এক ছুটির দিন। খলিলুর রহমান গ্রামের বাড়ি যান। আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গুণীজনদের নিয়ে বৈঠকে বসেন। সমবেত সুধীজনদের উদ্দেশে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি ব্যক্ত করেন। সবাই একবাক্যে তাঁকে সমর্থন দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এতে উৎসাহী হয়ে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে একটি প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন শিক্ষার্থীদের দেওয়া হয় কিছু শিক্ষার উপকরণ। ঠিক হয় পরের মাস থেকেই এই ৪৫ শিক্ষার্থীকে বিনা মূল্যে পড়ানো হবে।বিনা মূল্যে পাঠদান: মার্চ মাস থেকে প্রতি শুক্রবার পড়ানো শুরু হয়। আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নামমাত্র সম্মানীতে প্রতি শুক্রবার ক্লাস নেন। তাঁদের সেই সম্মানী দেওয়া হয় মেধাবিকাশ ফাউন্ডেশন থেকে।পাঠাগার: একপর্যায়ে বিনা মূল্যে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বই ও পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেন খলিলুর রহমান। ২০০৪ সালের নভেম্বরে প্রায় ৩০০ বই নিয়ে পাঠাগারের যাত্রা। একই সঙ্গে দৈনিক পত্রিকাও রাখা শুরু হয়। বর্তমানে পাঠাগারে ১ হাজার ২০০ বই রয়েছে। বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধের দলিল, রবীন্দ্র রচনাবলী, নজরুল রচনাবলীর পাশাপাশি মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাস, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, আবদুল্লাহ আবু সায়ীদসহ বরেণ্য কবি-সাহিত্যিকদের বই রয়েছে। এর পাঁচ শতাধিক বই অনুদানে পাওয়া। অবশিষ্ট বই কিনেছেন খলিলুর রহমান।বর্তমানে পাঠাগারে পাঁচটি দৈনিক পত্রিকা রাখা হয়। স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে বই ও পত্রিকা পড়েন।সাময়িকী: শিক্ষার্থীদের সাহিত্য চর্চার একটি ক্ষেত্র তো তৈরি করা দরকার। সেই চিন্তা থেকে বার্ষিক সাময়িকী প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ফাউন্ডেশন থেকে। সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সাল থেকে মেধা নামে একটি বার্ষিক সাময়িকী প্রকাশ শুরু হয়। বিভিন্ন সময়ে দেশের বিশিষ্টজনেরা মেধার প্রকাশনা উৎসবে যোগ দেন। এই বিশিষ্টজনদের মধ্যে আছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক, সুশাসনের জন্য নাগরিক আন্দোলনের বদিউল আলম মজুমদার প্রমুখ। বৃত্তি ও সংবর্ধনা: দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয় ফাউন্ডেশন থেকে। প্রথমে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে অধ্যয়নরতদের এই বৃত্তি দেওয়া হয়। পরে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদেরও আনা হয় বৃত্তির আওতায়। ফাউন্ডেশন থেকে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন। বৃত্তিপ্রাপ্তদের একজন ফেরদৌস আলী। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে দেশের নামকরা একটি হাসপাতালে কর্মরত তিনি। জানালেন, অনেক মেধাবী ছাত্র পারিবারিকভাবে আর্থিক সমর্থন পান না। ফলে পড়াশোনার জন্য টাকা জোগাড়ের চিন্তা তাঁকেই করতে হয়। এতে তাঁর পক্ষে ভালো ফল করা কঠিন হয়ে দাঁড়ায়।সাধারণ শিক্ষার্থীদের ভালো ফল করতে উৎসাহ দিতে ২০০৬ সাল থেকে কৃতীদের সংবর্ধনা দেওয়া শুরু করে ফাউন্ডেশন। প্রতিবছর শিক্ষা সফরেরও আয়োজন করা হয়।মেধাবিকাশে এক দিন: সম্প্রতি এক বিকেলে মেধাবিকাশ ফাউন্ডেশনে গিয়ে কথা হলো কয়েকজনের সঙ্গে। চলনবিল হাসপাতালেরই দুটি কক্ষে ফাউন্ডেশনের কার্যক্রম চলে। ফাউন্ডেশনের পাঠাগারে নিবন্ধিত পাঠক ৮০২ জন। তাঁরা বিনা মূল্যে বই বাড়িতে নিয়েও পড়তে পারেন। পাঠাগারের ভেতরে ঢুকে দেখা গেল কেউ আপন মনে বই পড়ছেন। কেউ পড়ছেন পত্রিকা। স্থানীয় কলেজছাত্র মো. নিজাম জানাল, কলেজ ছুটির পর তারা প্রায় প্রতিদিনই দল বেঁধে এখানে পত্রিকা ও বই পড়তে আসে। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ফিরোজ মাহমুদ জানাল, পাঠাগার থেকে বই নিয়ে সে যোগাযোগ, বিন্দুর ছেলে, দেবদাসসহ বেশ কয়েকটি পড়েছে। কয়েকজন জানালেন, নিজস্ব ভবন না থাকায় ফাউন্ডেশনের কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। পাঠাগারে পর্যাপ্ত বই থাকলেও নেই প্রয়োজনীয় সংখ্যক আলমারি, বুকশেলফ ও লাইব্রেরিয়ান। তাই পাঠকদের সমস্যা হচ্ছে।তাঁদের কথা: মেধাবিকাশ ফাউন্ডেশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় কলেজের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এই ফাউন্ডেশন এরই মধ্যে সুশীল মানুষের বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। এটা ধরে রাখতে সহযোগিতা দরকার। খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ রসুল মৃধা বলেন, ‘মেধাবিকাশ ফাউন্ডেশন চলনবিলে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। সে আলোয় বিকশিত হচ্ছে নতুন প্রজন্মের সবাই।’তিনি যা বলেন: ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা খলিলুর রহমান বলেন, বিদ্যমান শিক্ষাপদ্ধতিতে গ্রাম-শহর ও ধনী-দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষাক্ষেত্রে চলছে চরম বৈষম্য। এতে ভবিষ্যতে হয়তো গ্রামের বিশাল জনগোষ্ঠীর মেধাবী সন্তানদের বিকশিত হওয়ার কোনো সুযোগই থাকবে না। চলনবিল মেধাবিকাশ ফাউন্ডেশন চেষ্টা করছে শিক্ষার্থীদের চেতনার উন্মেষ ঘটানোর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ ও সুশীল সমাজ গড়ার।