চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যাত্রী নিহত
কিশোরগঞ্জে আন্তনগর উপকূল এক্সপ্রেসের চলন্ত একটি ট্রেন থেকে নামতে গিয়ে সোহাগ মিয়া (২৮) নামের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ভৈরবের আগানগর গ্রামে। আজ সোমবার সকাল নয়টার দিকে ভৈরব রেল স্টেশনের হোম সিগন্যালের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব স্টেশন মাস্টার কার্যালয় সূত্র জানায়, ভৈরবে আসার উদ্দেশে সোহাগ ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ট্রেনটির যাত্রাবিরতি না থাকায় ওই স্টেশন অতিক্রম করার সময় সোহাগ ট্রেন থেকে লাফ দেয়। কিন্তু তিনি দুর্ভাগ্যক্রমে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পার্শ্ববর্তী উপজেলার নবী হোসেন জানান, সোহাগ মিয়া ঢাকায় একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন। পারিবারিক প্রয়োজনে তিনি ভৈরব আসছিলেন।ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।