চলন্ত ট্রেন থেকে ফেলে তিন যাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর লুটে নেওয়া হলো সবকিছু। এরপর গলায় গামছা পেঁচিয়ে এক নারীসহ পাঁচজনকে ফেলে দেওয়া হলো চলন্ত ট্রেনের বগি থেকে। এঁদের মধ্যে নারীসহ তিনজন মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন একজন।ডাকাত দল গতকাল বৃহস্পতিবার ভোরে নৃশংস এই ঘটনা ঘটিয়েছে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে ভাদুঘর কুরুলিয়া রেলসেতু এলাকায়। নিহত যাত্রীদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানি গ্রামের সুধ মিয়া (৫০) ও নলগরিয়া গ্রামের সাহানা বেগম (৪৫)। নিহত অজ্ঞাতনামা অপর পুরুষের বয়স ৪০-৪৫ বছর। গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মিয়ার (৩৫) বাড়ি কালাছড়া গ্রামে। অপর যাত্রী খোরশেদ আলম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। তাঁর বাড়ি আখাউড়ায়।এ ঘটনায় ওই ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, তিতাস কমিউটার ট্রেন ভোর পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পাঁচটা ১৮ মিনিটে ট্রেনটি পাঘাচং স্টেশনে যাত্রাবিরতি দেয়। সেখান থেকে যাত্রীবেশে একদল ডাকাত ইঞ্জিনের সঙ্গের বগিতে ওঠে। ট্রেনটি স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে ডাকাতেরা বগিতে থাকা পাঁচ যাত্রীর ওপর চড়াও হয়। সবকিছু ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে তাঁদের ফেলে দেয়। সকালে কাছাকাছি দূরত্বে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।গলায় গামছা পেঁচিয়ে ফেলে দেওয়া হয়: সদর হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মিয়ার জ্ঞান ফেরে দুপুর ১২টার দিকে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বারবার বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন। তিনি বলেন, ‘আখাউড়া থেকে ইঞ্জিনের সঙ্গের বগিতে আমরা পাঁচজন উঠি। পাঘাচং স্টেশন থেকে ওই বগিতে সাত-আটজন ওঠে। ট্রেনটি পাঘাচং ছাড়ার পর তারা আমাদের চড়-থাপ্পড় মারে, ছুরিকাঘাত করে। আমার সঙ্গে থাকা দুই হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গামছা দিয়া গলা পেঁচায়। এরপর টেনে দরজার কাছে নিয়ে বগি থেকে ফেলে দেয়। এরপর আর কিছু মনে নেই।’ তিনি আরও বলেন, তাঁর আগে একজন পুরুষ ও একজন নারীকেও ডাকাতেরা একইভাবে ফেলে দেয়।রুবেলের মাথা, পা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে ফেলা দেওয়ায় শরীরের প্রায় সব স্থানেই আঘাত লেগেছে।খোরশেদ আলম জানান, ট্রেনে ওঠার সময় বোঝাই যায়নি, লোকগুলো ডাকাত। ডাকাতেরা তাঁর কাছ থেকে তিন হাজার টাকা ও মুঠোফোন লুটে নিয়ে তাঁকেও একইভাবে ফেলে দেয়। ভাগ্যের জোরে তিনি গুরুতর আহত হননি।কুরুলিয়া সেতু এলাকায় গেলে নির্মাণশ্রমিক আবদুল হাই জানান, সকাল সাতটার দিকে তিনি সেতুর নিচে একজনের লাশ পড়ে থাকতে দেখে ভেবেছিলেন, ট্রেনের নিচে পড়ে মারা গেছেন। কিন্তু কিছু দূরে এক নারীর লাশ দেখেন। সামনে এগিয়ে আরও তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি বুঝে উঠতে পারেননি।স্কুলছাত্র সোহান মিয়া জানায়, সেতুর দুই প্রান্তে ৫০ গজের মধ্যে ওই পাঁচজন পড়েছিলেন।স্বজনদের আহাজারি: দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সুধ মিয়া ও সাহানার স্বজনেরা আহাজারি করছেন। সুধ মিয়ার বড় ভাই খায়ের মিয়া বলেন, দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর ভাই গ্রামে ফিরে কাঠের ব্যবসা করতেন। ভাগনে সফিকুল ইসলামকে বিদেশ পাঠানোর কাজে তিনি ঢাকায় যাচ্ছিলেন। কাঁদতে কাঁদতে সফিকুল বলেন, ‘আমার কারণেই মামা আজ পৃথিবীতে নেই।’সাহানা বেগমের চাচাতো বোন নাজমা বেগম জানান, সাহানার মেয়ে সাহেরা স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। মেয়েকে দেখতে ব্যাকুল হয়ে তিনি ঢাকা যাচ্ছিলেন। কিন্তু মেয়ের কাছে যাওয়ার আগে দুনিয়া ছেড়েই চলে গেলেন।তিন কনস্টেবল ক্লোজড: ওই ট্রেনে কর্মরত ঢাকা রেলওয়ে পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, আবু তাহের ও আতিউর রহমানকে ক্লোজড করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই তিনজনকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত যাত্রীদের ময়নাতদন্ত হয়েছে। নিহত সাহানা বেগমের স্বামী মুসলিম মিয়া এ ব্যাপারে থানায় এজাহার দিয়েছেন। চটগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত সুপার গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।