চলন্ত বাস থেকে পালিয়ে গেলেন চালক, তারপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেঁপে কেঁপে টালমাটাল অবস্থায় ছুটে আসছিল বাসটি। দেখে আতঙ্কে আমার দিশেহারা হওয়ার জোগাড়। কিছু বুঝে ওঠার আগেই বাসটি সবেগে ঢুকে পড়ল আমার পাশের দোকানে। কেড়ে নিল এক শিশুর প্রাণ।’চালকহীন বাসটির ঝোড়ো বেগে ছুটে আসার এই ভীতিকর বর্ণনা দেন ইলেকট্রনিক-সামগ্রীর ব্যবসায়ী নিজু কুমার আগরওয়ালা। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার শহীদ ডা. জিকরুল হক সড়কের পাশে তাঁর দোকান। এই সড়কে গতকাল মঙ্গলবার ওই বাস ৫০টি দোকান ও স্থাপনার ক্ষতি করে কেড়ে নেয় শিশু ও এক বৃদ্ধের প্রাণ। আহত হন ২০ জন। বাসযাত্রীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শহীদ ডা. জিকরুল হক সড়কের বাস কাউন্টার থেকে শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। বাসযাত্রী পোশাক কারখানার কর্মী রেজাউল করিম জানান, রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে চালক বাসের জানালা খুলে পালিয়ে যান। ব্রেক কাজ না করায় চালক এ কাজ করেন বলে তাঁর ধারণা। এ সময় নিয়ন্ত্রণহীন বাসটি ঝড়ো গতিতে ছুটতে থাকে। এটি প্রায় ৫০টি দোকান ও স্থাপনায় কম বেশি আঘাত করে। এর মধ্যে ১০টি দোকান দুমড়ে-মুচড়ে যায়। একপর্যায়ে এটি পথচারী গোলাহাট মহল্লার বৃদ্ধ ইফতেখার আহমেদ চানকে (৬৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এভাবে বাসটি প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর সড়কের পাশে সানমুন টেইলার্সে ঢুকে পড়লে স্কুলছাত্র রাশেদ (১০) গুরুতর আহত হয়। সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চালকহীন বাসটি একটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল ও চারটি রিকশাভ্যান চাপা দিলে এসব যানবাহনের আরোহী ও চালকসহ ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কলিম (৫০), মমিনুল (২৫), অশোক (৩০), দুখু (৪২), নওশাদ (২৫), আলী মোহাম্মদ (৩৫), তপন (৪০), মোকছেদ (৩৫) ও আজাদকে (৫০) সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সড়কজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। লুটপাটের ভয়ে সড়কের দুই পাশের সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। রাত নয়টা পর্যন্ত ওই সড়কের আশপাশের সব দোকান বন্ধ থাকে। এ সময় সড়কে যান চলাচলও বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। চালকের পালিয়ে যাওয়া এবং দুঘর্টনার ব্যাপারে শ্যামলী পরিবহনের সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সৈয়দপুরের কাউন্টার বন্ধ দেখা যায়।