চলন্ত বাস থেকে পড়ে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী চলন্ত একটি বাস থেকে পড়ে চার ছাত্র ও এক কর্মচারী আহত হয়েছেন। আজ সোমবার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জগামী আনন্দ বাসে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন মেহেদী, সিফাত ও ইলেকট্রিক সহকারী একরামুল্লাহ। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পর পরই শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন।বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র টেকনিক্যাল অফিসার পুষ্প ম্যাগডলিন কস্তা জানান, আহত তিনজন মেডিকেল সেন্টার থেকে চিকিত্সা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের নাম নথিভুক্ত করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। তবে কেউই গুরুতর আহত হননি বলে জানান তিনি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও আনন্দ বাসের সভাপতি সিফাত শাহরিয়ার ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, বিকেল চারটা ১০ মিনিটে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিআরটিসির ভাড়া করা আনন্দ বাসটি ছাড়ার কথা ছিল। কিন্তু প্রায় ৩০ মিনিট পর বাস এসে পৌঁছায়। ক্লান্ত শিক্ষার্থীরা বাসে উঠার পর গাড়িটি পূর্ণ গতিতে এগিয়ে যায়। কিছুদূর এগিয়ে কলা ভবনের সামনের গতিরোধকে গাড়িটি গতি না কমিয়েই এগোতে থাকে। এতে গতিরোধকে ধাক্কা খেয়ে বাসটি প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়। এ সময় গতিরোধকের সঙ্গে বাসের পাদানি লেগে হুড়মুড় করে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে পাদানির ওপর থাকা তিনজন ছাত্র নিচে পড়ে যান। আর দুজন ঝুলে পড়েন।সিফাত বলেন, ‘বাসটি খুবই নড়বড়ে। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করছি। বাসে কমপক্ষে দেড় শ শিক্ষার্থী ছিলেন। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে এ যাত্রা আমরা বেচে গেছি।’বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক মো. আজিজুল হক বলেন, ‘বাসের দুরবস্থার বিষয়ে ছাত্ররা আমাদের জানানোর পর আমরা বিআরটিসিকে এ বিষয়ে অবহিত করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।