চলন্ত বাস থেকে ফেলে যুবক হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলন্ত বাস থেকে শেখ বদরুজ্জামান (৩২) নামে এক যুবককে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।আজ শনিবার রাজধানীর রমনার মত্স্যভবন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাসের চালক ও কন্ডাকটরকে গ্রেপ্তার করেছে। নিহত হওয়া বদরুজ্জামান কারওয়ানবাজারের সামিট ভবনের লিফট অপারেটর ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে চিড়িয়াখানা এক্সপ্রেস নামের একটি বাসের যাত্রী বদরুজ্জামান ও তাঁর ভাইপো শাখাওয়াত হোসেন মত্স্যভবনের মোড়ে নামতে চান। কিন্তু বাসটি না থামিয়ে চালক চালিয়ে যেতে থাকলে শাখাওয়াত নামতে গিয়ে পড়ে আহত হন। এ ঘটনা নিয়ে বদরুজ্জামানের সঙ্গে বাসের চালক ও তাঁর সহকারীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চালকের সহকারী ও কন্ডাকটর চলন্ত বাস থেকে বদরুজ্জামানকে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় শাখাওয়াত প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর দুইটায় তাঁর মৃত্যু হয়। পরে গুলশান থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে ঘটনার পর বাসের যাত্রীরা চালক আল আমিন (২৬) ও কন্ডাকটর হারুন অর রশীদকে (২৭) আটক করে। এ সময় চালকের সহকারী পালিয়ে যান। পরে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালক, কন্ডাকটর ও বাসটি আটক করে থানায় নিয়ে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, নিহত বদরুজ্জামানের ভাইপো শাখাওয়াত বাদী হয়ে চালক, তাঁর সহকারী ও কন্ডাকটরকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় আটক চালক ও কন্ডাকটরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পালিয়ে যাওয়া চালকের সহকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।বদরুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়াল গ্রামে। তিনি নগরের পান্থপথে একটি মেসে থাকতেন।